ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার চোটের তালিকা বড় হলো আরও। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
২৭ বছর বয়সী হাসারাঙ্গা হ্যামস্ট্রিংয়ের ইনজুরিটা পান প্রথম ওয়ানডেতে। রোমাঞ্চকর টাইয়ের ম্যাচে তিন উইকেট নেন তিনি। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড বিজ্ঞপ্তিতে বলেছে, ‘দশম ওভারের শেষ বলটি করার সময় বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা বোধ করেছেন হাসারাঙ্গা। তার পর এমআরআই করা হলে ইনজুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’
স্বাগতিক শ্রীলঙ্কা এরই মধ্যে পেসার মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশাঙ্কাকে ছাড়াই খেলছে। তারা ভারতের বিপক্ষেই টি-টোয়েন্টি সিরিজে খেলার সময় চোটপ্রাপ্ত হন। ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচ আজ রবিবার।