পাকিস্তানে রানপাহাড়ের চাপে মুশফিক-মুমিনুলরা

ইসলামাবাদের ক্লাব গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের পর বোলিংয়েও হতাশ করেছে বাংলাদেশ ‘এ‘ দল। প্রথম দিন ১২২ রানে অলআউট হওয়ার পর পাকিস্তান শাহিনসকে চাপে ফেলতে বোলারদের অভাবনীয় কিছু করতে হতো। কিন্তু পারেননি হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিবরা। পাকিস্তান ৪ উইকেটে ৩৬৭ রানে দিন শেষ করেছে। ২৪৫ রানে পিছিয়ে আছে মুমিনুল হক ও মুশফিকুর রহিমের দল।

২ রানে বুধবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান শাহিনস। দলীয় ২১ রানে সাইম আইয়ুবকে (১১) ফিরিয়ে দেন তানজিম। তারপর ওপেনার মোহাম্মদ হুরাইরা ও উমর আমিন শক্ত হাতে বাংলাদেশের দলকে শাসান। ৯৬ রানের জুটি গড়েন তারা। ১৫১ বলে ৩৯ রানে থামেন হুরাইরা।

এরপর সৌদ শাকিল ও উমরের ১৯৫ রানের জুটিতে বাংলাদেশ বিপাকে পড়ে। দুজনকেই হাসান মুরাদ প্যাভিলিয়নে পাঠালেও ততক্ষণে বাংলাদেশ ‘এ’ দল পুরোপুরি নিয়ন্ত্রণ হারায়।

উমার ১৭৭ রান করেন। শাকিলের ব্যাটে আসে ৭৬ রান। দুজনই জাকির হাসানের কাছে স্টাম্পিং হন।

১০ রানের ব্যবধানে এই দুই ব্যাটার আউট হলে কামরান গুলাম ও সাদ খান ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন। ২০ রানে কামরান ও ৩১ রানে সাদ অপরাজিত ছিলেন।