২১ আগস্ট শুরু হচ্ছে পাকিস্তান-বাংলাদেশের প্রথম টেস্ট। সেই টেস্টে স্বাগতিকদের ব্যাটিং অর্ডার আর একাদশ সম্পর্কে এরই মধ্যে একটা ধারণা পাওয়া গেছে। স্টার ব্যাটার বাবর আজম চার নম্বরে ব্যাট করবেন।
জিও নিউজের এক খবরে বলা হয়েছে, ওপেনার হিসেবে আব্দুল্লাহ শফিকের ব্যাটিং পজিশন মোটেও হুমকির মধ্যে নেই। অধিনায়ক শান মাসুদ তিন নম্বরে ব্যাট করবেন। এই টেস্ট দিয়ে অভিষেক হতে পারে ব্যাটার মোহাম্মদ হুরাইরারও।
সূত্র মারফত তারা আরও জানিয়েছে, বোলিং বান্ধব পিচে টেস্টটি খেলা হবে। ফলে পাকিস্তান তিন ফাস্ট বোলারের সঙ্গে স্পিনার হিসেবে একজনকে রাখতে পারে। তিন পেসার হচ্ছেন- শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও মির হামজা।
অবশ্য সিরিজের জন্য স্পেশালিস্ট স্পিনার হিসেবে শুধু আবরার আহমদেই রাখা হয়েছে। তবে স্পিন বোলিংয়ে ভালো দক্ষতা আছে সালমান আলী আগারও।
টেস্ট দলের প্রধান কোচ সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পি অবশ্য আবরারের পাশাপাশি সালমান আলীকেও স্পেশালিস্ট স্পিনার হিসেবে দেখছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা সালমান আলী আগা ও আবরার আহমেদের দুজনকেই বিশেষজ্ঞ স্পিনার হিসেবে বিবেচনা করি। সালমান তার অফস্পিন দিয়ে যথেষ্ট দক্ষতা দেখিয়েছে। আর আবরার তো ক্যারিয়ারের শুরুতেই অসাধারণ প্রতিভা হিসেবে নিজেকে মেলে ধরেছে।’