ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বলা যায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেল আয়ারল্যান্ড। বাংলাদেশ ও ওমান দুই দলের পয়েন্ট তিন করে। আগামী রবিবার বাংলাদেশ বনাম ওমান ম্যাচে যারা জিতবে সেই দলই চলে যাবে মূল পর্বে। যদিও ওই ম্যাচটিও পরিত্যক্ত হয় তবেও ভয় নেই টাইগারদের। রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে মূল পর্বে খেলবে তারা।
শুক্রবার সকাল থেকে ধর্মশালায় বৃষ্টি হলেও ঝড় হয়নি। কিন্তু টসে হেরে দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য ব্যাট হাতে মাঠে নামার পর ঝড়ই দেখল ধর্মশালা। বিশেষ করে আইরিশ বোলাররা। তামিম-সৌম্য'র ৪.৪ ওভারের ওপেনিং জুটিতে আসে ৬১ রান। ১৩ বলে ২০ রান করে আউট হয়েছেন সৌম্য সরকার। তাতে তামিমকে থামানো যায়নি। অষ্টম ওভারের শেষ বলে আউট হন তামিম। তবে আউট হওয়ার আগে ২৬ বলে ৪৭ রান করেন তিনি। মাত্র ৩ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন তামিম। বিস্ফোরক এই ইনিংস খেলতে ৪টি ছক্কা ও তিনটি ৩টি চার হাঁকিয়েছেন তামিম ইকবাল।
অষ্টম ওভারের শেষ বলে তামিম আউট হওয়ার পর আবার বৃষ্টি শুরু। দিনের সবচেয়ে জোর বৃষ্টি নামে তামিম ঝড়ের পর। ফলে খেলা পরিত্যক্ত।
শুক্রবার রাত ৮টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। টস হওয়া কথা ছিল সন্ধ্যা সাড়ে সাতটায়। কিন্তু বৃষ্টির হানায় টস হয়নি। ফলে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি।সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বৃষ্টি কিছুটা কমে আসে। এরপরই গ্রাউন্ডম্যানসরা মাঠ ঠিক করার কাজে নেমে পড়েন। কিন্তু আবারও শুরু হয় বৃষ্টি। অনেকক্ষণ চলতে থাকে বৃষ্টির লুকোচুরি খেলা। সোয়া ৮টার দিকে বৃষ্টি আবারও পুরোপুরি থামে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ধর্মশালাতে এই সময়ে কখনও বৃষ্টি হয় না। তবে হিমালয় পর্বতের চূড়ায় প্রচুর মেঘ জমে যাওয়ার কারণেই হঠাৎ এই বৃষ্টিপাত।
/আরআই/এমআর/এমএনএইচ/