৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এই দলটির সংসদ সদস্য হিসেবে মাগুরা থেকে নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। সংসদ সদস্য হলেও ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের সফলতম ক্রিকেটার। সরকার পতনের দুই সপ্তাহের মধ্যেই সাকিবকে ব্যাট ও বল হাতে মাঠে নামতে হচ্ছে। বুধবার শুরু হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ। রাজনৈতিক বিপর্যয় মাথায় নিয়ে সাকিব ক্রিকেটে কতটা প্রভাব রাখতে পারবেন সেটা এখন আলোচনায়। যদিও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, রাজনৈতিক বিপর্যয় ক্রিকেটার সাকিবে প্রভাব ফেলবে না।
সাকিবের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রেখে অধিনায়ক শান্ত বলেছেন, ‘আমার মনে হয় না এটা তার ওপর প্রভাব ফেলবে। কারণ, তিনি একজন পেশাদার ক্রিকেটার এবং সবাই তাকে সেভাবেই বিবেচনা করি। তিনি এত দীর্ঘ সময় ধরে এই খেলাটি খেলছেন যে, নিজের ভূমিকা এবং কীভাবে প্রস্তুত থাকতে হয় সেটা তার জানা। আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে ভাবছি না। আশা করছি, এই সিরিজে তিনি বিশেষ কিছু করবেন।’
কোটা সংস্কার আন্দোলনের সময় নিজের মতামত দিয়েছিলেন নাজমুল হোসেন। বুধবার প্রথম টেস্টের আগে কোটা আন্দোলনের সেই উত্তাল দিনগুলো নিয়ে কথা বলেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ‘গত বেশ কয়েক দিন আমাদের খুবই কঠিন সময় গিয়েছে। খুবই দুঃখজনক। সবাই খুবই স্ট্রাগল করেছে। যেটা আমরা কেউই আশা করি না। যেটা হয়ে গেছে, ওটা নিয়ে এখন আর পড়ে থাকার কোনও অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
শান্তও আরও বলেছেন, ‘প্রতিটা পরিবারের জন্য, প্রতিটা মানুষের জন্য অনেক কঠিন ছিল। আশা করছি, সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারবো। ক্রিকেটার হিসেবে চাই যে, আমাদের খেলাগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে তা খেলতে পারি।’