আঁধার আর বৃষ্টির মাঝে আলো ছড়ালেন পোপ

পা একটু সামনে বাড়ালেন, পুরো নজর ছিল আসিথা ফার্নান্ডোর ছোড়া বলের দিকে, কাট করে বাউন্ডারি মারলেন। সেঞ্চুরি, অনেক সমালোচনার জবাবও দেওয়া হয়ে গেলো। চার ইনিংসে ব্যর্থতার পর দ্য ওভাল টেস্টে তা পুষিয়ে দিলেন অলি পোপ। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করলেন তিনি। তার স্বস্তি ফেরানো শতকে আলোর স্বল্পতা, আর বৃষ্টিবিঘ্নিত ওভাল টেস্টের প্রথম দিনটা ভালোভাবে পার করলো ইংলিশরা।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ আগেই জিতে নিয়েছে ইংল্যান্ড। বেন স্টোকসের ইনজুরিতে অধিনায়কত্ব পেয়ে এই সাফল্য পেলেও ব্যাটারের আসল পরিচয় হারাতে বসেছিলেন পোপ। সেটা আবার ফিরে পেলেন ১০২ বলে সেঞ্চুরি করে, ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে যা দ্বিতীয় দ্রুততম। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষে ৯৫ বলে সেঞ্চুরি করা গ্রাহাম গুচের পরে অবস্থান নিলেন তিনি।

এটি ছিল পোপের সপ্তম টেস্ট সেঞ্চুরি এবং সাতটি ভিন্ন দেশের বিপক্ষে। চাপের পাহাড় বুক থেকে সরিয়ে দিলেন। ড্রেসিংরুম থেকে তাকে বাহবা দিতে ভুলে যাননি স্টোকস।

পোপ যখন সেঞ্চুরি করেন, তার দুই বল পর কিয়া ওভালের ঘণ্টা বেজে ওঠে। দিনে দ্বিতীয়বারের মতো আলোর স্বল্পতার কারণে আম্পায়াররা খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দেন। তারপর আর খেলা হয়নি। স্থানীয় সময় সাড়ে ছয়টা বাজার কিছুক্ষণ আগে দিনের শেষ ঘোষণা করা হয়। ১০৩ রানে অপরাজিত ছিলেন পোপ, হ্যারি ব্রুক খেলছিলেন ৮ রানে। তিন উইকেটে ইংল্যান্ডের রান ২২১।

এর আগে খেলা প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছিল, হয়েছিল বৃষ্টি। মাঠে ফেরার পর বেন ডাকেট ও পোপ রানের ফোয়ারা বয়ে দেন। ইনজুরি আক্রান্ত জ্যাক ক্রলির জায়গায় ঢুকে ড্যান লরেন্স ওপেনার হিসেবে আবার ব্যর্থ হওয়ার পর দুজন জুটি গড়েন। দ্বিতীয় উইকেটে পোপ ও ডাকেট ৯৫ রান তোলেন। 

ডাকেট ছিলেন আগ্রাসী, ৮৯ বলে ৮৬ রানে বিকালের দিকে আউট হন। তৃতীয় উইকেট জো রুট। ৪৮ বলে ১৩ রান করেন তিনি। সিরিজে আগের চার ইনিংসে ৬, ৬, ১ ও ১৭ রান করা পোপ বাকি পথ পাড়ি দেন। বলা যায়, দিনটা নিজের করে নেন।