গলে চান্ডিমাল-করুণারত্নের ব্যাটে শ্রীলঙ্কার দিন

গল টেস্টের লড়াই জমে উঠেছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যে। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হাতে রেখে ২০২ রানের লিড নিয়ে স্বাচ্ছন্দ্যে আছে। কিন্তু সকালের সেশনে উইকেট পড়ার হার তুলনামূলকভাবে বেশি হওয়ায় শঙ্কাও থাকছে। সেই সুযোগ নিতে চাইবে নিউজিল্যান্ড।  

দ্বিতীয় দিনের খেলায় শ্রীলঙ্কার স্পিনারদের সংগ্রাম করতে হয়েছিল। শুক্রবার নতুন দিন সকালের সেশনে তারাই দাপট দেখিয়েছে। টম ব্লান্ডেলকে (২৫) আউট করে ড্যারিল মিচেলের সঙ্গে ৭৩ রানের জুটি ভেঙে দেন প্রবাথ জয়াসুরিয়া। তারপর তিনি টানা দুই ওভারে মিচেল স্যান্টনার ও টিম সাউদিকে ফেরান।

মাঝে কুশল মেন্ডিসের দুর্দান্ত থ্রোতে রান আউট হন মিচেল। ৮৬ বলে ৫৭ রান করেন তিনি। প্রবাথের ঘূর্ণিতে ২৯৭ রানে ৮ উইকেট হারিয়ে লিড নেওয়াই কঠিন হয়ে পড়েছিল নিউজিল্যান্ডের জন্য। এক রানে পিছিয়ে থাকতে রমেশ মেন্ডিসের বলে এজাজ প্যাটেল নবম শিকার হন। সেখান থেকে গ্লেন ফিলিপস মারমুখী ব্যাটিংয়ে সম্মানজনক লিড এনে দেন। ৪৮ বলে ২ চার ও ৫ ছয়ে ৪৯ রানে অপরাজিত ছিলেন তিনি। উইলিয়াম ও’রোর্কে প্যাভিলিয়নে ফেরার আগে তার সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন। শ্রীলঙ্কার ৩০৫ রানের জবাবে ৩৪০ রানে অলআউট হয় ব্ল্যাক ক্যাপরা।

শ্রীলঙ্কার পক্ষে প্রবাথ সর্বোচ্চ চার উইকেট নেন। তিনটি পান রমেশ। দুটি নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা।

৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে শ্রীলঙ্কা ৬ রানে পাথুম নিসাঙ্কাকে (২) হারায়। দিমুথ করুণারত্নে ও দিনেশ চান্ডিমাল শক্ত হাতে হাল ধরেন। দুজনের ১৪৭ রানের জুটি শ্রীলঙ্কাকে পথে ফেরায়।

করুণারত্নে এদিনের ইনিংস সেরা ৮৩ রানে এজাজের শিকার হন। একে একে চান্ডিমাল ও কামিন্দু মেন্ডিসকেও হারিয়ে বিপদে পড়েছিল স্বাগতিকরা। ও’রোর্কের শিকার হন দুজন। ১৫০ বলে ৬ চারে ৬১ রান করেন চান্ডিমাল। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান কামিন্দু (১৩) এবার ব্যর্থ।

১৭৮ রানে চার উইকেট হারানোর পর শ্রীলঙ্কা আবার লড়াইয়ে ফেরে। অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ধনঞ্জয়া ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন। দুজনেই ৩৪ রানে অপরাজিত। অবশ্য শেষ বেলায় ম্যাথুজের বিরুদ্ধে এলবিডব্লিউর জোরালো আবেদন তুলে রিভিউ নিয়েছিল নিউজিল্যান্ড। আম্পায়ার্স কলে বেঁচে যান লঙ্কান ব্যাটার। ৪ উইকেটে তাদের স্কোর ২৩৭ রান।

নিউজিল্যান্ডের পক্ষে এদিন সর্বোচ্চ তিন উইকেট নেন ও’রোর্কে।

শনিবার প্রেসিডেন্ট নির্বাচন হবে, তাই একদিন বিরতি দিয়ে রবিবার চতুর্থ দিনের খেলা শুরু হবে।