স্পিনারদের দাপট দেখা গেলো গল টেস্টের চতুর্থ দিনে। নিউজিল্যান্ডের সামনে কঠিন পথ, শেষ দিনে জিততে তাদের লাগবে ৬৮ রান। আর শ্রীলঙ্কার দরকার ২ উইকেট, জয়ের সুবাস পাচ্ছে তারা। কিন্তু রাচিন রবীন্দ্র তাদের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন।
প্রেসিডেন্ট নির্বাচনের কারণে একদিন বিরতি দিয়ে গলে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। পুরো দিন দাপট দেখান স্পিনাররা। এজাজ প্যাটেল ছয় উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে ৩০৯ রানে অলআউট করেছে।
২৭৫ রানের লক্ষ্যে নেমে নিউজিল্যান্ড একশর আগেই চার উইকেট হারায়, যার তিনটি গেছে স্পিনারদের পকেটে। টম ব্লান্ডেলকে নিয়ে রাচিন রবীন্দ্র পঞ্চাশ ছাড়ানো জুটিতে সফরকারীদের পথে ফেরান। তবে ৫৬ রানের এই জুটি ভেঙে ব্রেকথ্রু এনে দেন প্রবাথ জয়াসুরিয়া। গ্লেন ফিলিপসকেও ফেরান লঙ্কান স্পিনার। তারপর টানা দুই ওভারে রমেশ মেন্ডিস মিচেল স্যান্টনার ও টিম সাউদিকে আউট করে ম্যাচ ঘুরিয়ে দেন।
৪ উইকেটে ১৫২ রান করা দলটি ২০৩ রানে হারায় ৮ উইকেট! রাচিন লেজের ব্যাটারদের নিয়ে লড়াই করছেন। ৯১ রানে অপরাজিত তিনি। এজাজ ১৫ বল খেলে রানের খাতা খোলেননি। ৮ উইকেটে ২০৭ রানে দিন শেষ করেছে নিউজিল্যান্ড।
রবিবার ৪ উইকেটে ২৩৭ রানে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। সমান ৩৪ রানে অপরাজিত ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ধনঞ্জয়া ডি সিলভা। দিনের চতুর্থ ওভারে ধনঞ্জয়াকে (৪০) ফেরান এজাজ। ভাঙে ৭২ রানের জুটি। একপ্রান্ত আগলে রেখে ম্যাথুজ হাফ সেঞ্চুরি তুলে নেন।
নিউজিল্যান্ডের স্পিনারের ঘূর্ণিতে ৫৯ রানে শেষ ছয় উইকেট হারায় শ্রীলঙ্কার, যার পাঁচটিই গেছে এজাজের বলে। লাহিরু কুমারাকে ফিরিয়ে তিনি পঞ্চম উইকেট নেন। তারপর লাহিরু কুমারাকে আউট করে শ্রীলঙ্কাকে গুটিয়ে দেন।
৩০ ওভারে ৯০ রান দিয়ে ছয় উইকেট পান এজাজ। এনিয়ে পঞ্চমবার এক ইনিংসে ফাইফার পেলেন তিনি। তিনটি উইকেট নেন উইলিয়াম ও’রোর্কে।