চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন মজার এক ঘটনার জন্ম দেন ঋষভ পান্ত। বাংলাদেশকে ফিল্ডিং সাজাতে সাহায্য করেছিলেন তিনি। অথচ ব্যাট করতে তখন তিনি ক্রিজে। যা ওই মুহূর্তে ধারাভাষ্যকারদের থেকে শুরু করে ভক্তদের বিনোদনের খোরাক জুগিয়েছে। ব্যাটিং টিমের হয়েও ঠিক কী কারণে এমনটা করেছিলেন তিনি? যার ব্যাখ্যা পরে দিয়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটার।
ঘটনাটা ছিল ঠিক এরকম। তৃতীয় দিন স্টাম্প মাইকে শোনা যায় ক্রিজে থাকা পান্ত বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বলছিলেন, ‘ও ভাই, এই ফিল্ডার তো এখানে আসবে। ওখানে ফিল্ডার আছে।’
২৮০ রানে প্রথম টেস্ট জয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক ভিডিওতে পান্ত ওই ঘটনার ব্যাখ্যা দিযেছেন এভাবে, ‘আমার কাছে খেলাটির অর্থ হচ্ছে যে দলেরই হয়ে খেলেন না কেন, ক্রিকেটের উন্নতি হওয়া জরুরি। তাই ওই মুহূর্তে ওদের সাহায্য করতে চেয়েছিলাম এই বলে, এখানেও তারা ফিল্ডার রাখতে পারে। বিষয়টা ছিল চমৎকার। আমি নিজেও সেটা উপভোগ করেছি।’
২০২২ সালের ডিসেম্বরে মারাত্মক সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে পান্ত ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন প্রায় দুই বছর পর। দ্বিতীয় ইনিংসে ১০৯ রানের দৃষ্টিনন্দন একটি ইনিংস উপহার দিয়েছেন। ওই ইনিংস নিয়ে পান্ত জানিয়েছেন, নড়বড়ে একটা অনুভূতি থাকলেও দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি, ‘নড়বড়ে ছিলাম। কিন্তু আমার ভেতরে আগুনও ছিল যাতে এমন কিছু করতে পারি। অবশেষে সেটা করে দেখিয়েছি। আমি তাতে ভীষণ সন্তুষ্ট। তবে বিষয়টা নিয়ে খুব বেশি ভাবছি না।’