‘ইংলিশ ক্রিকেটার হলে অশ্বিনকে অবসরে যেতে হতো’

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত ১-০ তে এগিয়ে রয়েছে। চেন্নাই টেস্ট জয়ে রবিচন্দ্রন অশ্বিন ব্যাটে-বলে রেখেছেন অসামান্য অবদান। ভারত তাদের টেস্ট দলে এই অলরাউন্ডারকে অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে। কিন্তু ইংলিশ ক্রিকেটার হলে অশ্বিনকে অবসরে পাঠাতে বাধ্য করা হতো, বললেন সাবেক ইংল্যান্ড স্পিনার মন্টি পানেসার।

লাল বলে অশ্বিন অভাবনীয় পারফর্ম করে যাচ্ছেন। তবে পানেসারের মতে, ইংল্যান্ডের বর্তমান টেস্ট ক্রিকেট সেটআপের জন্য ভারতীয় অলরাউন্ডার ফিট নন।

২০১৪ সালে অ্যাশেজ সিরিজে সবশেষ ইংল্যান্ডের জার্সি পরা পানেসার আইএএনএস-কে বলেছেন, ‘ইংল্যান্ড অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করে। যদি অশ্বিন এখন ইংলিশ হতো, তাহলে তাকে অবসরে যেতে বলতো। কারণ তারা তরুণ কাউকে আনতো, যার সম্ভাবনা আছে। আমি মনে করি ইংল্যান্ড অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করে এবং তারা সেটা পছন্দ করে।’

বাংলাদেশের বিপক্ষে অশ্বিন প্রথম দিনেই সেঞ্চুরি করেন। প্রথম ইনিংসে ৬ উইকেটে ১৪৪ রান করা ভারতকে উদ্ধার করেন তিনি। তারপর চতুর্থ দিন বল হাতে ৬ উইকেট নেন এই স্পিনার। ২৮০ রানের জয় পায় ভারত।

এই ম্যাচে বল হাতে জাদু দেখিয়ে চতুর্থ স্পিনার হিসেবে ৭৫০ আন্তর্জাতিক উইকেটের মালিক হন অশ্বিন, যেখানে আগে থেকে আছেন মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন ও অনিল কুম্বলে। ৫২২ উইকেট নিয়ে সর্বকালের শীর্ষ টেস্ট বোলারের তালিকায় তিনি কোর্টনি ওয়ালশকে (৫১৯) পেছনে ফেলে আট নম্বরে উঠেছেন। এছাড়া ৩৭তম টেস্ট ফাইফার নিয়ে ওয়ার্নের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে অশ্বিন, ৬৭ বার যে কীর্তি গড়ে প্রথমে মুরালিধরন।