বাংলাদেশের জন্য কানপুর টেস্টকে ঘিরে বাড়তি নিরাপত্তা 

কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি মনোযোগ দিচ্ছে আয়োজকরা। এই টেস্টকে কেন্দ্র করে আগেই হুমকি দিয়ে রেখেছে অখিলেশ ভারতীয় হিন্দু মহাসভা নামের ধর্মীয় সংগঠন। সোমবার সংগঠনটির ২১ সদস্যের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। এই অবস্থায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। 

ওই সংগঠনটি বলেছে, গত ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে। প্রতিবাদে তারা কানপুরে নানাভাবে প্রতিবাদ জানানোর কথা বলেছে। তার মধ্যে স্টেডিয়ামের সামনের সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির কথাও বলেছে। যার মোকাবিলা করার জন্যই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন কানপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার হারিশ চন্দর। বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, এই ম্যাচের জন্য উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রয়োজনীয় সংখ্যক পুলিশ কর্মকর্তা নিয়োগের অনুরোধ করা হয়েছে। আরও বলেছেন, ‘আমরা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছি, যাতে কোনও ধরনের ত্রুটি না থাকে। আশা করছি, চাহিদা পূরণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ আমরা পাবো।’

ডিসিপি শারওয়ান কুমার সিংহ আবার জানিয়েছেন, গ্রিন পার্ক স্টেডিয়াম ও হোটেল ল্যান্ড মার্ককে তিনটি স্তরে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। প্রতিটি স্তরে দায়িত্বে থাকবেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা। ম্যাচের আগে ট্রাফিকও নিয়ন্ত্রণ করা হবে স্থানীয় এলাকায়।