অক্টোবরের শেষ দিকে বাংলাদেশ সফর করবে দক্ষিণ আফ্রিকা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে তারা। স্পিন নির্ভর দল নিয়ে বাংলাদেশে লড়বে প্রোটিয়ারা।
এক বছর পর টেস্ট দলে ফিরেছেন স্পিনার সেনুরান মুথুস্যামি। কেশব মহারাজ ও ডেন পিয়েটের সঙ্গে তিন জনের স্পিন আক্রমণে যোগ দেবেন তিনি। ৩০ বছর বয়সী অলরাউন্ডার তিনটি টেস্ট খেলেছেন। শেষবার খেলেছেন ২০২৩ সালের মার্চে।
এই টেস্ট স্কোয়াডে একমাত্র আনক্যাপড খেলোয়াড় ম্যাথু ব্রিজকে। ২১ অক্টোবর থেকে শুরু হতে হতে যাওয়া সিরিজে প্রোটিয়াদের অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথম ম্যাচ হবে ঢাকায়। চট্টগ্রামে হবে দ্বিতীয় টেস্ট।
টেস্ট দলের প্রধান কোচ শুকরি কনর্যাড বলেছেন, ‘সফরের জন্য সবসময় বাংলাদেশ কঠিন জায়গা। ঘরের মাঠে তারা অদম্য দল। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে অপেক্ষমাণ চ্যালেঞ্জের জন্য। আমরা যে কন্ডিশনের প্রত্যাশা করছি, সেটা অনুযায়ী দল বাছাই করেছি। আমাদের দলে তিন জন ফ্রন্টলাইন স্পিনার। যখন ই প্রয়োজন, তখনই হাল ধরার সামর্থ্য তাদের আছে। সেনুরানের মতো খেলোয়াড়ের জন্য এটা দারুণ সুযোগ, যার ব্যাট-বল দুটোতেই ছাপ রাখার মতো সামর্থ্য আছে।’
দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিজকে, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুলডার, সেনুরান মুথুস্যামি, ডেন প্যাটারসন, ডেন পিয়েট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরিয়েন্নে।