তিন টেস্ট খেলে ১৪ উইকেট নেওয়া নান্দ্রে বার্গারকে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ডের বিপক্ষে বাকি দুই ওয়ানডে থেকেও ছিটকে গেছেন এই পেসার।
২৯ বছর বয়সী বার্গার তার কোমরে অস্বস্তিবোধ করছিলেন। স্ক্যানের পর তার চোট ধরা পড়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সিরিজের জন্য দ্রুত তার স্থলাভিষিক্ত ঘোষণা করবে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাদের এক্স অ্যাকাউন্টে লিখেছে, ‘লাম্বার স্ট্রেস রিঅ্যাকশনের কারণে প্রোটিয়া পুরুষ ফাস্ট বোলার নান্দ্রে বার্গার আয়ারল্যান্ডের বিপক্ষে বাকি ওয়ানডে সিরিজ এবং আসন্ন বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন। ২৯ বছর বয়সী তার কোমরে অস্বস্তিবোধ করছিলেন। স্ক্যানে তার ইনজুরি নির্ণয় করা হয়েছে। তিনি দেশে ফিরে যাবেন এবং পরবর্তী চিকিৎসা চলবে। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যঅচের টেস্ট সিরিজে তার স্থলাভিষিক্তের নাম শিগগিরই ঘোষণা করা হবে।’
গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন বার্গার। এরপর একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট ক্যাপ পরেন। বার্গার তিন টেস্ট, পাঁচ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলে ২১ উইকেট নিয়েছেন।
সবশেষ বার্গার ক্রিকেট খেলেছেন ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। ১ উইকেট নিয়ে ৬৮ রান দিয়ে বেশ খরুচে ছিলেন তিনি।
বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে আছেন কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন ও ভিয়ান মুলডার।
এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ১-০ তে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্যাচে পাচ্ছে না ওপেনার টনি ডি জর্জিকে।