যুক্তরাষ্ট্রের টি-টেন লিগ খেলছেন সাকিব আল হাসান। কিন্তু ফরম্যাট বদলালেও ফর্ম বদলায়নি তার। সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে শনিবার রাতে তার দল লস অ্যাঞ্জেলস ওয়েভস বড় ব্যবধানে হেরেছে। ইউনিভার্সিটি অব টেক্সাস স্টেডিয়ামে (ইউটিডি) সাকিবদের ১৯ রানে হারিয়েছে নিউইয়র্ক লায়নস।
টস জিতে গত রাতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লস অ্যাঞ্জেলস ওয়েভস। ইউটিডিতে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ১০ ওভারে ২ উইকেটে ১২৬ রান করে নিউইয়র্ক লায়নস। দলটির অধিনায়ক সুরেশ রায়না ২৮ বলে ৫৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন।
১২৬ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলেই ড্রেসিংরুমের পথ ধরেন লস অ্যাঞ্জেলস ওপেনার স্টেফি এসকিনাজি। এরপর ক্রিজে নামেন সাকিব। ওপেনার অ্যাডাম রসিংটন ও সাকিব দ্বিতীয় উইকেটে যোগ করেন ২৮ রান। সাকিবকে ফিরিয়ে জুটি ভাঙেন তাবরেইজ শামসি। ১৬ বলে সাকিব ১৩ রান করে ফেরেন। বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১০ ওভারে ৭ উইকেটে ১০৭ রানে থেমে যায় লস অ্যাঞ্জেলসের ইনিংস।