ইংল্যান্ড সারাদিনে তুলনামূলকভাবে শেষ সেশনে ভালো খেললো। কিন্তু প্রথম দিনের নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতে। শান মাসুদ ও আব্দুল্লাহ শফিকের ২৫৩ রানের জুটিতে মুলতান টেস্টে সোমবারের খেলায় দাপট দেখালো স্বাগতিকরা। ৪ উইকেটে ৩২৮ রান জমা পড়েছে পাকিস্তানের স্কোরবোর্ডে।
টেস্টে অধিনায়ক হিসেবে এখনও জয়ের মুখ দেখেননি মাসুদ। তার নেতৃত্বে পাকিস্তান পাঁচ টেস্ট খেলে সবগুলো হেরেছে। পিসিবি বারবার দল সংস্কারের হুমকি দিলেও মাসুদের অধিনায়কত্ব টিকে রয়েছে। স্নায়ুচাপ নিয়েই সোমবার ইংল্যান্ডের মুখোমুখি হয়ে বুক থেকে পাহাড়সম চাপ সরিয়ে ফেললেন পাকিস্তানের ক্যাপ্টেন। চার বছর পর প্রথম সেঞ্চুরি করলেন মাসুদ। শেষ সাত ইনিংসে মাত্র একবার দুই অঙ্কের ঘরে পৌঁছানো শফিকও ফিরে পেলেন স্বস্তি।
চতুর্থ ওভারে দলগত ৮ রানে সাইম আইয়ুবকে (৪) ফেরান গাস অ্যাটকিনসন। তিনে নেমে মাসুদ হাল ধরলেন, দারুণ সঙ্গ পেলেন শফিকের কাছ থেকে। মাত্র ১৬ বলের ব্যবধানে দ্বিতীয় সেশনে তারা দুজনেই যখন মাঠ ছাড়লেন, তখন পাকিস্তান বড় সংগ্রহের আভাস দিচ্ছিল। দিন শেষেও তাদের গড়া ভিতে দাঁড়িয়ে বড় স্কোরের পথে এগোচ্ছে স্বাগতিকরা।
অবশ্য ব্রাইডন কার্সের বলে আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ না নিলে মাসুদ কবেই ড্রেসিংরুমে দর্শক হয়ে থাকতেন! ১১তম ওভারে রিভিউ নিয়ে টিকে যান অধিনায়ক।
দ্বিতীয় উইকেটের জুটিতে আড়াইশর বেশি স্কোর করে বিদায় নেন মাসুদ। জ্যাক লিচকে ফিরতি ক্যাচ তুলে দেওয়ার আগে ১৭৭ বলে ১৩ চার ও ২ ছয়ে করেন ১৫১ রান। শফিক ১৮৪ বলে ১০ চার ও ২ ছয়ে ১০২ রানে থামেন।
চতুর্থ উইকেটে বাবর আজম ও সৌদ শাকিলের জুটিতে তিনশ ছাড়ায় পাকিস্তানের স্কোর। দিনের শেষের আগের ওভারে ৭১ বল খেলে ৩০ রান করে থামেন বাবর। শাকিলের সঙ্গে তার জুটি ছিল ৬১ রানের। ৩৫ রানে অপরাজিত শাকিলের সঙ্গে নাইটওয়াচম্যান হিসেবে নেমে তিন বল খেলেও রানের খাতা না খুলে শেষ করেছেন নাসিম শাহ।