সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ওয়ানডেতে অভিষেক হয়েছিল জ্যাকব বেথেলের। একই মাসে লন্ডনে অনুষ্ঠিত পিসিএ অ্যাওয়ার্ডসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের লড়াইয়ে জেমি স্মিথের কাছে হারের পর বলেছিলেন, ইংল্যান্ডের হয়ে সব ফরম্যাটের খেলোয়াড় হওয়ার আকাঙ্ক্ষা তার। অবশেষে বেথেলের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। নভেম্বরে নিউজিল্যান্ড সফরের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। স্মিথ পুরো সফরে পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন, তারই বদলি হলেন বেথেল।
পাকিস্তানে খেলা ১৬ জনের দল থেকে এই একটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। গত সপ্তাহে তিন ম্যাচের টেস্ট সিরিজ তারা হেরে যায় ২-১ এ। উইকেটকিপার হিসেবে স্মিথের জায়গায় অভিষিক্ত হতে যাচ্ছেন জর্ডান কক্স।
২৮ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হবে তিন টেস্টের সিরিজ। পরের দুটি ম্যাচ ৬ ও ১৪ ডিসেম্বর যথাক্রমে ওয়েলিংটন ও হ্যামিল্টনে।
ইংল্যান্ড স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথু পটস, জো রুট, অলি স্টোন, ক্রিস ওকস।