আফগানিস্তান সিরিজ চ্যালেঞ্জিং হবে: জাকির

৮ মাস পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। সবশেষ গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেটে খেলেছিল তারা। আগামী ৬ নভেম্বর আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে এই ফরম্যাটে লম্বা বিরতি কাটাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। তিন ভাগে ভাগ হয়ে মরুর দেশে যাচ্ছেন ক্রিকেটাররা। এরই মধ্যে প্রথম ভাগের ক্রিকেটাররা আরব আমিরাতে পৌঁছে গেছেন। আজ বাকিদের যাওয়ার কথা থাকলেও যেতে পারেননি নাহিদ রানা ও নাসুম আহমেদ, তারা দেশ ছাড়বেন আগামীকাল সোমবার।

রবিবার দেশ ছাড়ার আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাকির হাসান গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তার মতে, আফগানিস্তান সিরিজ চ্যালেঞ্জিং হবে, ‘আমার তো মনে হয় চ্যালেঞ্জ অবশ্যই আছে। তবে ভালো একটি সিরিজ হবে বলেই আশা করছি। আন্তর্জাতিক মঞ্চে প্রতিটি দলই এখন ভালো। ওরা অনেক উন্নতি করেছে এবং শক্তিশালী দল হিসেবে খেলছে। তবে আমাদের নিজেদের শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হতাশ করেছেন জাকির। তবে আফগানিস্তান সিরিজে ভিন্ন ফরম্যাটে দলে ভূমিকা রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানালেন তিনি, ‘ব্যাটার হিসেবে আমার লক্ষ্য থাকবে সেরা পারফরম্যান্স করা। দল হিসেবেও আমরা ভালো খেলার চেষ্টা করবো।’

জাকির জানালেন, ভালো শুরুর বিকল্প নেই। টেস্ট সিরিজে টপ অর্ডার ভালো করতে পারেনি বলেই বাংলাদেশ দলকে ভুগতে হয়েছে, ‘ভালো শুরু না পাওয়ার কারণে দল ভুগেছে। তবে অতীতে পড়ে না থেকে সামনে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য। যেহেতু সিরিজগুলো দ্রুত আসছে, আমরা চেষ্টা করছি আমাদের ভুলগুলো খুঁজে বের করতে এবং সেগুলো কীভাবে সংশোধন করা যায়। আমরা ওপেনাররা যদি ভালো শুরু এনে দিতে পারি, তাহলে মিডল অর্ডারের কাজ সহজ হয়ে যাবে।’
 
আফগানিস্তান সিরিজের দল ঘোষণার পর কিছু খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় পোস্ট করেছেন। অনেকে বলছেন, দলে সুযোগ না পেয়ে এমন পোস্ট করেছেন তারা। বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন জাকির, ‘যারা দলে আছেন, তাদের নিজেদের পারফরম্যান্সের দিকে মনোযোগ দেওয়া উচিত এবং দল নির্বাচনের কাজ সম্পূর্ণ নির্বাচকদের হাতে। এখানে আমার কিছুই বলার নেই।’

/আরআই/