জাতীয় লিগের প্রথম রাউন্ডে সেঞ্চুরি পেয়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ঘরোয়া ক্রিকেটের সাম্প্রতিক পারফরম্যান্স এবং ওই সেঞ্চুরিই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জায়গা করে দিয়েছিল তাকে। কিন্তু জাতীয় দলের জার্সিতে সুযোগটা কাজে লাগাতে পারেননি মাহিদুল। দুই ইনিংসে করেন ০ ও ২৯ রান। সেখানে ব্যর্থ হলেও ফের জাতীয় লিগে ফিরেই আছেন সেঞ্চুরির অপেক্ষায়। আজ দিন শেষে ৯৯ রানে অপরাজিত আছেন মাহিদুল। চট্টগ্রামের ৩৭১ রানের জবাবে ঢাকা তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করেছে। ৯০ রান পিছিয়ে থেকে মঙ্গলবার ম্যাচের চতুর্থ ও শেষ দিন শুরু করবে ঢাকা।
কক্সবাজারে চট্টগ্রাম প্রথম ইনিংসে ৩৭১ রান করে। রবিবার শেষ বিকালে ব্যাটিংয়ের সুযোগ পায় ঢাকা। বিনা উইকেটে ২২ রান তুলে দিন শেষ করা দলটি আজ নতুন শুরু করেছিল। দুই অপরাজিত ওপেনার আশিকুর রহমান শিবলি ও জয়রাজ শেখ মিলে ৯৭ রানের ওপেনিং জুটি গড়েন। শিবলি ৫২ রানে আউট হন। এরপর আরিফুল ইসলাম দ্রুত (৬) আউট হলে কিছুটা চাপে পড়ে ঢাকা। অধিনায়ক মাহিদুল পরিস্থিতি সামাল দেন জয়রাজকে নিয়ে।
তবে ৪৬ রানের জুটি হতেই জয়রাজ ৭৪ রানে হাসান মুরাদের শিকার হন। দলীয় ১৭৪ রানে মোসাদ্দেক হোসেন সৈকত (৪) বিদায় নিলে ঢাকার চতুর্থ উইকেট পড়ে। যদিও দিনের বাকি সময়টা মাহিদুল ও তাইবুর রহমান মিলে পার করে ফেলেন। দুইজনের অবিচ্ছিন্ন ১০৮ রানের জুটিতে ঢাকা ২৮১ রানের সংগ্রহ দাঁড় করায়। মাহিদুল ৯৯ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির অপেক্ষাতে আছেন। ১৫৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই উইকেটকিপার ব্যাটার। তাইবুর অপরাজিত আছেন ৩৮ রানে।
চট্টগ্রামের বোলারদের মধ্যে হাসান মুরাদ ও নাঈম হাসান প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।
এর আগে প্রথম দিনের দুই সেশন বৃষ্টির কারণে নষ্ট হয়। তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম সাজ্জাদুল হক রিপনের (১৩৯) সেঞ্চুরিতে ৩৭১ রানের সংগ্রহ দাঁড় করায়।