দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে কনসালট্যান্ট কোচ হিসেবে নিল ম্যাকেঞ্জিকে নিয়োগ দিলো শ্রীলঙ্কা। ৯ দিনের জন্য এই দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ডানহাতি ব্যাটার।
বোর্ড জানিয়েছে, ৪৮ বছর বয়সী ম্যাকেঞ্জি ১৩ নভেম্বর কাজে যোগ দেবেন, তার চুক্তি ২১ নভেম্বর পর্যন্ত।
টেস্ট ইতিহাসে ৪১৫ রানের রেকর্ড জুটি গড়া ম্যাকেঞ্জি ২০০৯ সালে অবসরে যান। বেশ কয়েকটি দলের সঙ্গে কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৮ সালে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হন। দুই বছর পর পদত্যাগ করেন। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে প্রোটিয়াদের ব্যাটিং পরামর্শক ছিলেন। এছাড়া এমজানসি সুপার লিগেও কাজ করেছেন একই ভূমিকায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ ছিলেন তিনি।
ম্যাকেঞ্জির নিয়োগ প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকান কন্ডিশন সম্পর্কে গুরুত্বপূর্ণ ও গভীর অন্তর্দৃষ্টি দিয়ে এই চ্যালেঞ্জের সঙ্গে শ্রীলঙ্কান খেলোয়াড়দের মানিয়ে নিতে সহায়তা করবেন ম্যাকেঞ্জি।’
আগামী ২৭ নভেম্বর বুধবার ডারবানে শুরু হবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। ৫ ডিসেম্বর হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ।