ভারত সফরে মাঠের বাইরে রাখা কুঁচকির চোট থেকে মুক্তি মিলেছে কেন উইলিয়ামসনের। তাতে আসন্ন ইংল্যান্ড সিরিজের দলে ফিরেছেন তিনি। এছাড়া প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার নাথান স্মিথ।
আনক্যাপড সিমার জ্যাকব ডাফিকেও রাখা হয়েছে স্কোয়াডে। প্রত্যাশিতভাবে হাঁটু ও পিঠের ইনজুরিতে জায়গা হয়নি বিয়ার সিয়ার্স ও কাইল জেমিসনের। ভারতে ১৫ উইকেট নেওয়া এজাজ প্যাটেল দলে ডাক পাননি। পুনেতে ১৩ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার দ্বিতীয় ও তৃতীয় টেস্টের আগে দলে যোগ দেবেন। ২৮ নভেম্বর হবে প্রথম টেস্ট।
এই সপ্তাহের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল স্মিথের। গত মৌসুমে প্লাঙ্কেট শিল্ডে সর্বোচ্চ ৩৩ উইকেট নিয়ে কেন্দ্রীয় চুক্তি অর্জন করেন তিনি। গত মৌসুমের কাউন্টি চ্যাম্পিয়নশিপে উস্টারশায়ারের হয়ে তিন হাফ সেঞ্চুরির পাশাপাশি নেন ২৭ উইকেট।
উইলিয়ামসন ফেরার কারণে একাদশে টিকে থাকার লড়াইয়ে চাপে থাকবেন ভারত সিরিজের সেরা খেলোয়াড় উইল ইয়াং। শুক্রবার দল ঘোষণার আগেই টিম সাউদি জানিয়ে দিয়েছেন, দল চ্যাম্পিয়নশিপের ফাইনালে না উঠলে এই সিরিজেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন তিনি।
ভারতে ৩-০ তে সিরিজ জয় নিউজিল্যান্ডকে ফাইনালে ওঠার সুযোগ করে দিয়েছে বটে, কিন্তু ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের ম্যাচগুলোর দিকে।
নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, উইল ও’রোর্কে, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার (২য় ও ৩য় টেস্ট), নাথান স্মিথ, টিম সাউদি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।