ইডেনে এক টুকরো বাংলাদেশ

ইডেনে এক টুকরো বাংলাদেশশুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছে পাকিস্তানের। এই ম্যাচটি ঘিরে আগের দিন থেকেই উৎসবের নগরীতে পরিণত হয়েছে কলকাতা শহর। প্রত্যেকটি বাঙালি নিজেদের পরিচয় ধারণ করে বাংলাদেশকে সমর্থন জানাতে যে যার মতো করে ইডেনের গ্যালারিতে অবস্থান করছেন। তাদের উদ্দেশ্য একটাই- বাংলাদেশকে সমর্থন জানানো।
ম্যাচ শুরুর আগেই গলা ফাঁটিয়ে চিৎকার করছেন মাশরাফি-মাশরাফি বলে। অবশ্য মাশরাফি এখন আইডল; তাইতো ভারতীয় সাংবাদিকরা তার কাছে জানতে চান কিভাবে একটি দেশকে এভাবে বদলে দেওয়া গেলো? মাশরাফি অবশ্য সেই সব উত্তরে সব সময় বলেন ইতিবাচক মানসিকতা নিয়ে ক্রিকেট খেলার কথা।
প্রথম বলটি যখন তাসকিন ছুঁড়লেন; ৬৬ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন ইডেন গার্ডেনের প্রায় ১০ হাজার সমর্থক চিৎকার দিয়ে তাদের সমর্থন জানান দিলেন। শুধু যে কলকাতার সমর্থকরাই সমর্থন করছেন এটা কিন্তু নয়; বাংলাদেশ থেকে আগের রাতে প্রায় ৪ হাজার সমর্থক কলকাতায় এসেছেন বাংলাদেশকে সমর্থন জানাতে। যাদের সঙ্গে রয়েছেন বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল, সঙ্গীত শিল্পী শফিক তুহিন, অভিনেতা পিযুষ বন্দোপাধ্যায় এবং মডেল নোবেল।বাংলাদেশের খেলা দেখতে উপস্থিত মডেল নোবেল

বাদ পড়েননি বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার অ্যাসোসিয়েশনের সদস্যরা। ইডেনের গ্যালারির এক অংশ তাই হলুদ রংয়ে সেজেছে। ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত এই উচ্ছ্বাস চলবে ভক্তদের। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামালও দল-বল নিয়ে উপস্থিত হয়েছেন ইডেনে। বাংলাদেশের জার্সি গায়ে, পতাকা নিয়ে হুল্লোড় করে মাঠে উপস্থিত হয়েছেন তিনি।

 

খেলা দেখতে উপস্থিত নাফিসা কামালআজকের ম্যাচ নিয়ে নাফিসা কামাল বলেন, ‘আমরা জিতবো। আমাদের দলে মাশরাফির মতো অধিনায়ক আছে। মাঠে ওরা ১১ জনের সঙ্গে আমরা লড়াই করবো।’
অপ্রিয় ব্যানার্জি নামের এক ব্যাংকার; যার দাদার বাড়ি কিশোরগঞ্জ। জন্মসূত্রে কলকাতার হলেও মনে প্রাণে তিনি বাংলাদেশের জন্য শুভ কামনা জানান। তার দৃষ্টিতে এই ম্যাচটি বাংলাদেশের জেতার দারুণ সম্ভাবনা রয়েছে।
এদিকে নোবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশের এই বিশ্বকাপে দারুণ কিছু করার অনেক বেশি সম্ভাবনা আছে। যেভাবে টাইগাররা খেলছে তাতে করে খেলা না দেখে ঢাকায় বসে থাকা সম্ভব নয়। তবে এই ম্যাচ দেখে আবার ফিরে যাবো বাংলাদেশ। বেঙ্গালুরুতে হয়তো ভারতের বিপক্ষে ম্যাচে যেতে পারি।’
তিনি আরও যোগ করেন, ‘আমি আশা করি এই বিশ্বকাপে বাংলাদেশে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলবে।’
/আরআই/এফআইআর/