সাকিবকে ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের স্কোয়াড প্রস্তুত!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াডে রাখা হচ্ছে না অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিব ঘরের মাঠে শেষবার লাল বলের ক্রিকেট খেলার আশা করেছিলেন। কিন্তু নিরাপত্তা শঙ্কায় দেশে আসতে পারেননি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলার ইচ্ছা ছিল তার। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না। এবার টুর্নামেন্টের আগে শেষ ওয়ানডে সিরিজের দলেও জায়গা হলো না। 

নির্বাচক প্যানেলের এক সদস্য শনিবার ক্রিকবাজকে বলেছেন, ‘সে (সাকিব) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও নেই। সেভাবেই আমাদের স্কোয়াড প্রস্তুত করেছি।’

আরেকজন বিসিবি কর্মকর্তা জানালেন, জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার মতো মানসিকতা নেই সাকিবের। বর্তমানে তিনি বাংলা টাইগার্সের হয়ে আবুধাবি টি-টেন লিগে খেলতে ব্যস্ত। তিনি বলেন, ‘তার বর্তমান মানসিক অবস্থার কারণে আমরা মনে করছি সে খেলার মতো অবস্থায় নেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা আর জাতীয় দলে খেলা এক কথা নয়।’

জানা গেছে, আগামী ১২ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টেন লিগে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব। গল মার্ভেলসের হয়ে খেলবেন তিনি।

আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে তিন ওয়ানডে। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর।