ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের শেষটা রাঙিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে দারুণ জয় তুলে নিয়ে সিরিজ সমতায় শেষ করেছে মেহেদী হাসান মিরাজের দল। রবিবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে ভালো করতে মুখিয়ে সফরকারীরা।
৬ বছর আগে সেন্ট কিটসে খেলার অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের। এটি বাংলাদেশের পয়মন্ত ভেন্যু। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ওয়ানডে খেলে দুটিতেই জয় পেয়েছে। সবশেষ ২০১৮ সালের জুলাইয়ে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সিরিজ নিশ্চিত করা ম্যাচটি খেলেছিল সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। সেই সুখস্মৃতি অনুপ্রেরণা জোগাচ্ছে মিরাজদের।
যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিসংখ্যান স্বস্তিদায়ক নয়। পাঁচ ওয়ানডে সিরিজের মধ্যে হেরেছে চারটিতে। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অবশ্য অতীতের দিকে না থাকিয়ে একে অপরের সমর্থন নিয়ে ম্যাচ জেতার কথা জানিয়েছেন। শনিবার বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা বিগত দিনে কী করেছি তা বড় কথা নয়। সামনে আমাদের জন্য বড় সুযোগ রয়েছে। সবাই একে অপরকে সমর্থন করলে দল হিসেবে খেলতে পারবো এবং ভালো ফল আনতে পারবো।’
এদিকে, গ্লোবাল সুপার লিগে খেলেছেন তানজিম হাসান সাকিব। তার দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়াতে তিনি দলের সঙ্গে আগেই যোগ দিতে পেরেছেন। শনিবার বাংলাদেশ সময় ভোরে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। এই দলের হয়ে খেলা সৌম্য সরকার, রিশাদ হোসেন, আফিফ হোসেনরা দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন।
এই গ্লোবাল সুপার লিগে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন জুনিয়র সাকিব। তিনি বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা দারুণ ছিল। দেশে চোট কাটিয়ে ফিরেছি, তবে এখন পুরো ফিট অনুভব করছি। মাঠে নিজের সেরাটা দিতে প্রস্তুত।’
জ্যামাইকা টেস্টে দারুণ বোলিং করে নিজের জাত চিনিয়েছেন নাহিদ রানা। তিনি ওয়ানডে দলেও আছেন। ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশের কাছ থেকে পাওয়া পরামর্শ তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। ভিডিও বার্তায় নাহিদ বলেছেন, ‘শেখার কোনও শেষ নেই। শুধু নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা করছি। এখানকার কন্ডিশনে কীভাবে বল করতে হয়, তা শিখছি। দলের জন্য সেরা পারফর্ম করাই আমার লক্ষ্য।’