টেস্টের পর ইংল্যান্ডের সাদা বলের ফরম্যাটে কোচের দায়িত্ব নিয়ে চমক রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে ব্রেন্ডন ম্যাককালাম। ফেব্রুয়ারিতে হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে ডাকা হয়েছে জো রুটকে। ভারতের বিপক্ষে ৫০ ওভারের সিরিজেও আছেন তিনি।
৩৪ বছর বয়সী রুট বিশ্বের এক নম্বর র্যাঙ্কিংধারী টেস্ট ব্যাটার হিসেবে ২০২৪ সাল শেষ করতে যাচ্ছেন। সাদা পোশাকে ছয় সেঞ্চুরিতে ৫৫.৫৭ গড়ে ১৫৫৬ রান করে এই বছর রাঙিয়েছেন তিনি। তবে এক বছরেরও বেশি সময় ধরে সাদা বলের ক্রিকেটে নেই রুট। গত বছরের অক্টোবরে ভারতে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন থেকে ছিটকে পড়ার পর আর খেলেননি রঙিন পোশাকে।
রুটের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকেও ডাকার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু গত সপ্তাহে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের কাছে ৪২৩ রানে টেস্ট হারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান এই অলরাউন্ডার।
ম্যাককালাম তার টেস্ট দলের আট জনকে নিয়ে ১৫ জনের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছেন। দলের পাঁচ ফাস্ট বোলারের প্রত্যেকেই ঘণ্টায় ৯০ মাইলের বেশি গতিতে বল করেন। জোফরা আর্চার, মার্ক উড ও গাস অ্যাটকিনসনকে সুযোগ দেওয়া হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে ভারত ও ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। তার আগে দুই দল মুখোমুখি হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
ভারত সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফির ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট (উইকেটকিপার), মার্ক উড।