সোমবার বাংলাদেশের বোলাররা যদি পরীক্ষায় পাশ না করে, সেক্ষেত্রে টাইগারদের সামনে টুর্নামেন্ট থেকে বিদায়ের ঘণ্টা বাজবে।
এসব কিছুর জন্যই এম চেন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের পরীক্ষায় নামতে হবে। দলের বোলিং কোচ হিথ স্ট্রিকও মনে করছেন এমনটাই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব বোলারের জন্যই এখানে চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এই উইকেটে সব বোলারকেই এখানে ভালো করতে হবে।’
হিথ স্ট্রিক বিশ্বাস করেন বোলাররা শৃঙ্খলা দেখালে ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসা সম্ভব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বোলারদের শৃঙ্খলা দেখাতে হবে। ঠিক জায়গায় বল রাখতে হবে এবং বৈচিত্র্য দেখাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত সুনির্দিষ্ট ব্যাটসম্যানদের বিপক্ষে পরিকল্পনা। নিশ্চিত করতে হবে যেন পরিকল্পনা মতো আমরা বোলিং করি। এজন্যই আমরা ওদের নিয়ে বিশ্লেষণ করবো।’
শুধু তাই নয়, হিথ স্ট্রিক মনে করেন এই ধরনের উইকেটে মুস্তাফিজকে দ্রুত মানিয়ে নিতে হবে। কেননা অন্য সব বোলারের চেয়ে এই উইকেটে মুস্তাফিজকে বেশি চ্যালেঞ্জ নিতে হবে। এই চ্যালেঞ্জে মুস্তাফিজ জিতলে, সেটা বাংলাদেশের জন্যই বেশি ভালো হবে।
এ প্রসঙ্গে হিথ স্ট্রিক বলেন, ‘এটি খুব ভালো ব্যাটিং উইকেট। মুস্তাফিজ যদি খেলে, এখানে দ্রুত তাকে মানিয়ে নিতে হবে। বেঙ্গালুরু সবসময়ই বড় রানের মাঠ, ব্যাটিংয়ের জন্য দারুণ। খেললে ওকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’
এছাড়া ব্যাটসম্যানদের জন্য এখানে রানে ফেরাকে সুযোগ মানছেন বাংলাদেশের এই বোলিং কোচ। বিশেষ করে সাব্বির রহমানকে নিয়ে চেন্নাস্বামীর উইকেটে আশাবাদী তিনি।
হিথস্ট্রিক বলেন, ‘আমাদের ব্যাটসম্যানদের জন্য খুব ভালো সুযোগ রানে ফেরার। ‘এ’ দলের হয়ে আমাদের কয়েকজন এখানে খেলে গেছে। সাব্বির রান করে গেছে এখানে। আশা করি ওর আত্মবিশ্বাস এখানে আনতে পারবে।’
পাকিস্তানের বিপক্ষে তাসকিনের বোলিং নিয়ে প্রশংসা করেছেন হিথ স্ট্রিক। তিনি বলেন, ‘তাসকিন পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং উইকেটে দারুণ বোলিং করেছে। ভালো গতিতে বোলিং করেছে। দুদিন ভ্রমণ করে বোলিং পরীক্ষা দিয়ে এসে দারুণ বোলিং করেছে। ইডেনের উইকেট ভীষণ ফ্ল্যাট ছিল, আউটফিল্ড দ্রুতগতির। বোলারদের কাজটা ছিল কঠিন। অবশ্যই আমরা আরও ভালো বোলিং করতে পারতাম। আমাদের সেরা দিন অবশ্যই ছিল না। একটা খারাপ দিন গেছে। অস্ট্রেলিয়া ম্যাচে আমরা উন্নতি করার চেষ্টা করবো।’
/আরআই/এফআইআর/