চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের পরামর্শকের ভূমিকায় ইউনিস  

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান দলে পরামর্শকের ভূমিকায় দায়িত্ব পালন করবেন সাবেক পাকিস্তান অধিনায়ক ইউনিস খান। এর আগেও দলটিতে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন ২০২২ সালে। 

তার নতুন ভূমিকা নিয়ে ক্রিকবাজকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র সৈয়দ নাসিম সাদাত বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের টপ অর্ডারের সাবেক ব্যাটার ইউনিস খানকে পরামর্শক হিসেবে রাখা হয়েছে।’

পাকিস্তানে ইভেন্ট শুরু হওয়ার আগেই রশিদদের সঙ্গে যোগ দেবেন ইউনিস। খেলোয়াড়ি জীবনে ১১৮ টেস্টে ১০ হাজার ৯৯ রান আছে তার। তার মধ্যে ক্যারিয়ারসেরা ইনিংসটি ৩১৩ রানের। র‌্যাঙ্কিংয়েও এক সময় টেস্টের শীর্ষ ব্যাটার ছিলেন তিনি। তাছাড়া ২০০৯ সালে পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে তার নেতৃত্বে। 

খেলোয়াড়ি জীবন শেষে বিভিন্ন ভূমিকায় তাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তানের ব্যাটিং কোচও ছিলেন। তাছাড়া পাকিস্তান সুপার লিগে পেশাওয়ার জালমিতেও কোচিং করিয়েছেন। অতি সম্প্রতি আবু ধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হেড কোচ হিসেবে কাজ করেছেন।