মুলতানে ২০ উইকেট পড়া প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের লিড

মুলতান টেস্টে বোলারদের উইকেট উৎসব হলো। প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান তাদের সব উইকেট হারালো। নোমান আলী খানের ইতিহাস গড়া বোলিংয়ের পর ওয়েস্ট ইন্ডিজ ১৬৩ রানে অলআউট হয়। জবাবে পাকিস্তান ১৫৪ রানে গুটিয়ে যায়। সফরকারী দল লিড পায় ৯ রানের।

অথচ ওয়েস্ট ইন্ডিজ একটা সময় ৩৮ রানে ৭ ও ৫৪ রানে ৮ উইকেট হারায়। শেষ দুই উইকেটে তারা ১০৯ রান করে। দিন শেষে এই জুটিই গড়ে দিলো পার্থক্য। অল্প পুঁজিতেও উইন্ডিজ লিড নিয়েছে জোমেল ওয়ারিকান ও গুডাকেশ মোটির স্পিনে। 

কেমার রোচ প্রথমেই পাকিস্তানের দুই ওপেনারকে ফেরান। আঘাত করেন মোটিও। তারপর ওয়ারিকান স্পিন জাদুতে ৪৩ রানে নেন চার উইকেট।

৫১ রানে ৪ উইকেট পড়ার পর পাকিস্তানকে ভালো অবস্থানে নেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। ৬৮ রানের জুটি ভাঙতেই পাকিস্তানের প্রতিরোধ শেষ। ৩৫ রানে তারা শেষ ৬ উইকেট হারায়।

তিন উইকেট নেন সফরকারী স্পিনার মোটি। রোচ পান দুই উইকেট।

রিজওয়ান সর্বোচ্চ ৪৯ রান করেন। ৩২ রান আসে শাকিলের ব্যাটে।

বল হাতে পাকিস্তানের সর্বনাশ করার আগে মোটি, ওয়ারিকান ও রোচই ব্যাট হাতে স্বস্তি ফেরান। মোটি তো ৫৫ রান করে স্বাগতিক বোলারদের হতাশ করেন। রোচের (২৫) সঙ্গে ৪১ ও ওয়ারিকানকে (৩৬) নিয়ে শেষ জুটিতে ৬৮ রান তোলেন।

উইন্ডিজের প্রথম ইনিংসে নোমান নেন ৬ উইকেট।