সাকিবের রেকর্ড ভাঙলেন তাসকিন

রংপুর রাইডার্সের ব্যাটার রাকিবুল হাসানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাসকিন আহমেদ, সঙ্গে সঙ্গে সাকিব আল হাসানের একটি রেকর্ড ভেঙে ফেলেন দুর্বার রাজশাহীর ডানহাতি তারকা পেসার তাসকিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তি এখন তার দখলে। এক মৌসুমে ২৪ উইকেট নিয়ে শীর্ষে এখন তিনিই।

রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রাকিবুলকে আউট করে তাসকিন পেয়েছেন চলমান আসরের ২৪তম উইকেট। ডানহাতি এই পেসার খেলতে নেমেছেন এবারের মৌসুমের ১১তম ম্যাচ। ২০১৯ সালের বিপিএলে বাঁহাতি অলরাউন্ডার সাকিব ঢাকা ডায়নামাইটসের হয়ে পেয়েছিলেন ২৩ উইকেট। তিনি সেবার খেলেছিলেন ১৫ ম্যাচ।

দল হিসেবে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না রাজশাহী। তবে ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন তাসকিন। পুরো আসর জুড়েই বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। ২০১৯ সালে সিলেট সিক্সার্সের হয়ে ২২ উইকেট নিয়েছিলেন। ওটাই ছিল তার সর্বোচ্চ উইকেট শিকার। এবার নিজেকে তো ছাড়িয়ে গেছেনই, পাশাপাশি সাকিবকেও ছাড়ালেন। এদিন ৪ ওভারে ২৫ রান খরচ করে নিয়েছেন দুটি উইকেট। প্রথম টেলরকে ফিরিয়ে তাসকিন সাকিবকে ছোঁয়ার পর রাকিবুলকে ফিরিয়ে তাকে পেছনে ফেলেন তাসকিন।

এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তাসকিন, সাকিবের পরে আছেন কেভিন কুপার। ক্যারিবিয়ান এই পেসার ৯ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন। ২০১৬ সালে চিটাগং কিংসের হয়ে এই কীর্তি গড়েছিলেন কুপার। তালিকার চতুর্থ নম্বরেও আছেন সাকিব। ২০১৮ সালে ঢাকার হয়ে বাঁহাতি স্পিনার নিয়েছিলেন ২২ উইকেট।