গলে মাইলফলক ছোঁয়ার পর স্মিথের সেঞ্চুরি, দিনটা রাঙালেন খাজাও 

গল শ্রীলঙ্কার মাঠ, অথচ তারাই শোষিত হলো অস্ট্রেলিয়ার কাছে। স্টিভ স্মিথ ১০ হাজার টেস্ট রানের মাইলফলক ছুঁয়েছেন মুখোমুখি হওয়া নিজের প্রথম বলেই। তারপর করেছেন সেঞ্চুরি। তার আগে শতক হাঁকানো উসমান খাজা দেড়শ ছোঁয়ার পথে। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম দিনের খেলায় ফ্রন্টফুটে অস্ট্রেলিয়া।

শেষ বিকালে বৃষ্টি নেমেছিল। তাই পুরো ৯০ ওভার খেলা হয়নি। ৮০.১ ওভারের খেলায় মাত্র দুই উইকেট হারিয়ে ৩৩০ রান অজিদের। ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন স্মিথ ও খাজা।

খাজা ২১০ বলে ১০ চার ও ১ ছয়ে ১৪৭ রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার মাটিতে তিনি প্রথম টেস্ট সেঞ্চুরি করেন ১৩৫ বল খেলে। নিজের প্রথম বলেই রান নিয়ে ১৫তম ব্যাটার ও চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক ছোঁন স্মিথ। চা বিরতির পর ১৭৯তম বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। ১৮৮ বলে ১০ চার ও ১ ছয়ে ১০৪ রানে অপরাজিত অজি অধিনায়ক।

এর আগে প্রায় দুই বছর পর টেস্টে ওপেনিংয়ে নেমে ট্র্যাভিস হেড বিধ্বংসী ব্যাটিং করেন। ৪০ বলে ৫৭ রান করেন তিনি, এর মধ্যে ৪৬ রানই এসেছে বাউন্ডারি থেকে। অস্ট্রেলিয়া অন্য উইকেটটি হারিয়েছে মার্নাস লাবুশেনের (২০)।

প্রবাথ জয়াসুরিয়া ও জেফ্রি ভ্যান্ডারসে একটি করে উইকেট নেন।