বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক ইস্যুতে উত্তাল ক্রিকেটাঙ্গন। বিশেষ করে দুর্বার রাজশাহী তাদের ক্রিকেটারদের নির্ধারিত সময়ে পারিশ্রমিক দিতে ব্যর্থ হয়েছে। এই ইস্যুতে বিরক্ত জাতীয় ক্রীড়া পরিষদ। বিপিএল পারিশ্রমিক ইস্যুতে ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করেছে দেশের ক্রীড়াঙ্গনের নিয়ন্ত্রক সংস্থাটি। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির বিষয়টি নিশ্চিত করেছে ক্রীড়া মন্ত্রণালয়।

ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক ইস্যু খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক হিসেবে রাখা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে (ক্রীড়া)। সদস্য সচিব হিসেবে আছেন সহকারী পরিচালক (ক্রীড়া) এবং সদস্য হিসেবে আছেন সংস্থাটির চেয়ারম্যানের একান্ত সচিব। এই ‘সত্যানুসন্ধান কমিটি’ আগামী সাতদিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় যুগ্মসচিব মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রীড়া পরিষদ। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ একটি পেশাদার টি-টোয়েন্টি লিগ হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠা লাভ করেছে। ২০২৫ সালের এই আসরটি সাজানো হয়েছিল নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় লক্ষ্য অর্জনের একটি সোপান হিসেবে। প্রধান উপদেষ্টা বিপিএলে বেশ কিছু উদ্ভাবনী ধারণা প্রদান করেছেন। 

পারিশ্রমিক ইস্যুতে চলতি বিপিএল সরগরম করে রেখেছে দুর্বার রাজশাহী। কয়েক দফা সময় দিয়েও ঠিকঠাক মতো পারিশ্রমিক পরিশোধ করতে না পেরে বিশ্ব মিডিয়ার খবরের শিরোনাম হয়েছে তারা। আগের ম্যাচে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারায় তারা মাঠেই আসেননি। সবকিছু মিলিয়ে বিপিএলের সম্মান অনেকখানিই ক্ষুণ্ন হয়েছে।