ইংল্যান্ডকে গুঁড়িয়ে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। আবারও দুই দেশ আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি! এবার অনূর্ধ্ব-১৯ নারীদের লড়াই। মালয়েশিয়াতে শুক্রবারের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে গুঁড়িয়ে ভারত শিরোপার লড়াই নিশ্চিত করেছে। দুই দলই অপরাজিত থেকে আগামী রবিবার ট্রফির জন্য লড়বে।

ইংল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাটিং নেয়। শুরুটা ভালো করলেও তারা ভারতীয় বোলারদের নৈপুণ্যে ছন্দ হারায়। ১১৩ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। ভারতকে সেই রান তাড়া করতে সমস্যায় পড়তে হয়নি। ১৫ ওভারের মধ্যে তারা লক্ষ্য ছোঁয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা টানা দ্বিতীয়বার ওঠে ফাইনালে।

ডেভিনা পেরিন ও অধিনায়ক আবিগেল নোরগ্রোভ ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন। ৪০ বলে দুটি বিশাল ছয় ও চার চারে ৪৫ রান করেন পেরিন। ২৫ বলে নোরগ্রোভ করেন ৩০ রান, ছিল তিন চার ও এক ছয়। তাদের ব্যাটিংয়ে ইনিংসের মাঝপথে ২ উইকেট হারিয়ে ৭৩ রান করে ইংলিশরা।

তবে ভারতের বোলাররা ঘুরে দাঁড়ায়। পারুনিকা সিসোদিয়া ও আয়ুশী শুক্লা দারুণ বোলিং করেন। ১৬তম ওভারে বৈষ্ণবী শর্মা তিন উইকেট নিলে ইংল্যান্ড ৯২ রানে হারায় ৮ উইকেট। শেষ দিকে অম্রুতা সুরেনকুমার চেপে ধরলে ২০ ওভারে ১১৩ রান করতে পারে ইংল্যান্ড।

লক্ষ্যে নেমে পাওয়ার প্লেতে ৪৪ রান তোলে ভারত। ২৯ বলে ৩৫ রানের সেরা ইনিংস খেলেন তৃষা গঙ্গাদী।  ফোয়েব ব্রিট ব্রেকথ্রু আনলেও কমলিনী জি ও সানিকা চালকে হাল ধরেন। ইনিংসের মাঝপথে ভারতের স্কোর ১ উইকেটে ৭০ রান। কমলিনী সাবলীল ব্যাটিংয়ে দলকে ৯ উইকেটে জেতান। ৫০ বলে ৮ চারে ৫৬ রানে অপরাজিত ছিলেন তিনি।

১৪ রান খরচায় তিন উইকেট নিয়ে পারুনিকা ম্যাচসেরা হয়েছেন।