হারের গ্লানি ভুলে মানসিকভাবে শক্ত আছে রংপুর

টানা ৮ ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। কিন্তু পরের চার ম্যাচেই হেরে এই দলটিই কিনা নেমে গেলো টেবিলের তিন নম্বরে। আর তাতেই প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ হারায় তারা। তাদের খেলতে হচ্ছে এলিমেনেটরে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় টেবিলের চার নম্বর দল খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমেনেটরে খেলবে নুরুল হাসান সোহানের দল। টানা চার ম্যাচের হারের তিক্ততা ভুলে রংপুর সামনে তাকিয়ে। রবিবার অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে সেটাই জানালেন স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

রবিবারের কঠোর অনুশীলন শেষে মেহেদী গণমাধ্যমকে বলেছেন, ‘বিশ্বাস তো সবসময় আছে। প্রতিটা খেলোয়াড়ই বিশ্বাস নিয়ে যায় মাঠে। কিন্তু সবসময় দিন একরকম হয় না। আমরা কোয়ালিফাই করতে পারি নাই, কিন্তু এখনও আমাদের একটা সুযোগ আছে। সুযোগটা আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। আমার মনে হয় দলে যারা আছে, সব ফুরফুরে মেজাজে আছে। কারণ আপনি এ সময় দল হিসেবে ভেঙে পড়ি, আমরা চারটা হারছি, তাহলে এখানে বের হতে পারবো না। সবাই আন্তরিক ও আত্মবিশ্বাসী আছে।’

শীর্ষ দুই থাকার সুযোগ হারানোয় কিছুটা আফসোস মেহেদীর, ‘এখানে থাকতে পারলে ভালো হতো। যেহেতু এখন তো আমাদের চ্যালেঞ্জটা আরও বেশি। টপ টুতে থাকলে সুযোগ দুইটা থাকে। এখন পুরো নকআউটে চলে আসছি। এটা আসলে ডু অর ডাই। দেখা যাক আগামীকাল কী হয়।’

প্লে-অফে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আসার কথা। মেহেদীর অবশ্য সেসব নিয়ে ধারণা নেই। তার এবং দলের ফোকাস কেবল জয়ের দিকেই, ‘কে আসছে, না আসছে আমার কোনও ধারণা নাই। কিন্তু আমি বিশ্বাস করি শেষ দুই বছর আমরা কোয়ালিফাইয়ে তিন নম্বর হয়েছি। গত বছর ফাইনালে খেলেছিলাম। এ বছর আরও একটা সুযোগ আছে। আমরা ফাইনালে যেতে চাই। সেজন্য আগামীকালকের ম্যাচটা খুব গুরত্বপূর্ণ। আমাদের স্থানীয় যে সাতজন আছে, তাদের পারফরম্যান্সটা খুব গুরুত্বপূর্ণ।’