নতুন ক্রিকেটারদের নিয়ে মাঠে নামলো রংপুর-খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে কিছুক্ষণ পরই মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। টস জিতে রংপুর রাইডার্স ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বেল দেড়টায় ম্যাচটি শুরু হবে। গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ায় দুই দলই নতুন ক্রিকেটারদের দলে ভিড়িয়ে শক্তি বাড়িয়েছে। 

খুলনা টাইগার্সে যোগ দিয়েছেন দুই ক্যারিবিয়ান ক্রিকেটার। একজন পেস বোলিং অল-রাউন্ডার জেসন হোল্ডার ও আরেকজন ব্যাটার শিমরন হেটমায়ার। এই দুই ক্রিকেটারকে নিয়েই মাঠে নেমেছে খুলনা।
 
এদিকে রংপুর রাইডার্সও নতুন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। রংপুর রাইডার্স ঘোষণা দিয়েছিল প্লে-অফে উঠলে ডেভিড ওয়ার্নার, সুনিল নারাইনের মতো তারকা ক্রিকেটারদের নিয়ে আসবে তারা। তাদেরকে না পেলেও রংপুর ইতোমধ্যে অস্ট্রেলিয়ার উইকেট-রক্ষক ব্যাটার টিম ডেভিডকে পেয়ে গেছে। সঙ্গে ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটার জেমস ভিন্সতো আছেনই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম চাহিদাসম্পন্ন ক্রিকেটার আন্দ্রে রাসেলও চলে এসেছেন রংপুরের হয়ে খেলতে।

টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিলো রংপুর। কিন্তু তারাই কিনা শেষের চারটি ম্যাচ হেরে নেমে যায় তিন নম্বরে। তাতে খুলনা টাইগার্সের সঙ্গে এলিমিনেটর রাউন্ড খেলতে হচ্ছে তাদের।  সোমবার দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল। ফরচুন বরিশাল ও চিটাগং কিংস ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে। যারা জিতবে সরাসরি চলে যাবে ফাইনালে। হেরে যাওয়া দলটি আরও একটি সুযোগ পাবে। এলিমিনেটর রাউন্ডে জয়ী হওয়া দলের বিপক্ষে তারা দ্বিতীয় কোয়ালিফার খেলবে।