ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সেরা পারফরম্যান্স করায় বরুণ চক্রবর্ত্তীকে ওয়ানডে স্কোয়াডেও যুক্ত করা হলো।
প্রথম ওয়ানডের ভেন্যু নাগপুরে স্কোয়াডের সঙ্গে গেছেন বরুণ। বৃহস্পতিবার প্রথম ম্যাচ সামনে রেখে মঙ্গলবার অনুশীলনও করেছেন। সবশেষ ইংল্যান্ডকে ৪-১ এ সিরিজ হারাতে সর্বোচ্চ ১৪ উইকেট নেন এই স্পিনার। ৯.৮৬ গড় ও ৭.৬৬ ইকোনমি রেট ছিল।
ওয়ানডে তো কখনও বরুণ খেলেনইনি, প্রথমবার স্কোয়াডে ডাক মিললো। লিস্ট এ ম্যাচ খেলেছেন কেবল ২৩টি এবং তামিলনাড়ুর হয়ে ছয় ম্যাচে ১৮ উইকেট নিয়ে বিজয় হাজারে ট্রফির চলতি মৌসুমে দ্বিতীয় শীর্ষ উইকেটশিকারি তিনি।
কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সঙ্গে বরুণের অন্তর্ভুক্তি ভারতের স্পিন বিভাগের গভীরতা আরও বাড়ালো।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ের ফ্লাইট ধরার আগে ভারত সবশেষ দুটি ওয়ানডে খেলবে ৯ ও ১২ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তারা আইসিসির অনুমতি ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি দলে পরিবর্তন আনতে পারবে। প্রথম দুই ম্যাচের একাদশে সুযোগ পেলে ভালো কিছু করতে পারলে হয়তো আইসিসির ইভেন্টেও খেলা হয়ে যাবে বরুণের।
ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহঅধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সাওয়াল, রিশাভ পান্ত, রবীন্দ্র জাদেজা, হার্ষিত রানা (প্রথম দুই ওয়ানডে), জসপ্রীত বুমরা (তৃতীয় ওয়ানডে), বরুণ চক্রবর্ত্তী।