আর কয়েক ঘণ্টা পর বিপিএলের ১১তম আসরের শ্রেষ্ঠ দল চূড়ান্ত হবে। ফরচুন বরিশাল নাকি চিটাগং কিংসের হাতে উঠবে ট্রফি? উত্তর মিলবে দুই দলের লড়াই শেষে। টসে জিতেছে বরিশাল, তারা নিয়েছে ফিল্ডিং। আগে ব্যাটিংয়ে নামবে চিটাগং।
বরিশাল টানান দ্বিতীয়বার বিপিএল ফাইনালে খেলছে। সব মিলিয়ে চার মৌসুমে এটি তাদের তৃতীয় ফাইনাল (২০২২, ২০২৪ ও ২০২৫)। শেষবার চিটাগংকে বিপিএলে দেখা গিয়েছিল ২০১৩ সালে। ওইবারও তারা ছিল ফাইনালিস্ট। বরিশাল ও চিটাগং এই আসরে তিনবার মুখোমুখি হয়েছে। প্রথম কোয়ালিফায়ারে বরিশাল উড়িয়ে দিয়েছিল চিটাগংকে। জিতেছিল ৯ উইকেটে। লিগ পর্বে দুটি দলই একটি করে ম্যাচ জিতেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার চ্যাম্পিয়নদের জন্য আড়াই কোটি টাকা প্রাইজমানি ঘোষণা করেছে। আগের আসরের চেয়ে যা ৫০ লাখ বেশি। আর রানার্সআপ পাবে দেড় কোটি টাকা, গত বছরের চেয়ে এক কোটি টাকা বেশি।
টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার তৃতীয় ও চতুর্থ দলও ৬০ লাখ ও ৪০ লাখ টাকা পাবে। প্রথমবার উদীয়মান খেলোয়াড়কেও পুরস্কার দেওয়া হবে।
বাংলাদেশ আইকন তামিম ইকবালকে দেওয়া হবে বিশেষ স্মারক। তার ১৭ বছরের ক্যারিয়ারকে স্বীকৃতি দিতে আজকের পুরস্কার প্রদানের আগে এটি তাকে দেওয়া হবে।
এবারের ফাইনালে থাকছে না কোনও আতশবাজির ঝলকানি। সমাপনী অনুষ্ঠান শেষে লেজার শো দেখানো হবে।
চিটাগং একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, খাজা নাফায়, হুসেইন তালাত, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, বিনুরা ফার্নান্ডো, আরাফাত সানি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নাঈম ইসলাম।
বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তাওহীদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম, ,মাহমুদউল্লাহ, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, রিশাদ হোসেন, ইবাদত হোসেন, তানভীর ইসলাম, মোহাম্মদ আলী।