চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। গত বছর ভারত সফরে গিয়ে এমন ইচ্ছের কথা জানিয়েছিলেন সাবেক অধিনায়ক। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে সাকিবের সেই স্বপ্ন পূরণ হয়নি। বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার বিগত সরকারের সংসদ সদস্য ছিলেন। সাম্প্রতিক পট পরিবর্তনে সাকিবের জাতীয় দলে আর খেলার সম্ভবনা নেই বললেই চলে! তবু সংবাদ সম্মেলনে প্রায়ই সাকিবকে নিয়ে প্রশ্ন ওঠে! আজকেও উঠেছিল, অধিনায়ক শান্ত তাতে কিছুটা বিরক্ত প্রকাশ করেছেন।
বাংলাদেশ দল বৃহস্পতিবার রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে শান্তরা। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগের দিন গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়েছিল, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে মিস করবেন কিনা- জবাবে শান্ত বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই মিস করবো। এই প্রশ্নটা আপনি কেন করলেন আমি জানি না। আমরা সবাই জানি, এই উত্তর অনেক খেলোয়াড় দিয়েছে। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করবো। উনি থাকলে ভালো হতো। এই প্রশ্নের উত্তর আপনারা অনেকবার পেয়েছেন। তাই আমার মনে হয় না, এত বড় একটা টুর্নামেন্টে যাওয়ার আগে এই প্রসঙ্গে কথা বলাটা যৌক্তিক হবে।’
সাকিবের দলে থাকা মানেই একজন স্পেশালিস্ট বোলার এবং একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান। যদিও সাকিবের বোলিং অ্যাকশন এখন প্রশ্নবিদ্ধ। জাতীয় দলে খেললে কেবল ব্যাটার হিসেবেই খেলতে পারবেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের ভূমিকা কে পালন করবেন? এমন প্রশ্নে শান্ত এক কথায় জবাব দেন, ‘যে দায়িত্ব পাবে, সেই পালন করবে।’