হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে মার্ক অ্যাডায়ার ও কুর্টিস ক্যাম্ফারের দারুণ বোলিংয়ে জিম্বাবুয়ে আড়াইশও ছুঁতে পারেনি। লক্ষ্যটা আয়ারল্যান্ডের নাগালের ভেতরেই ছিল। ক্যাম্ফার এবার ব্যাট হাতেও সফরকারীদের পথপ্রদর্শকের ভূমিকায়। তার সঙ্গে পল স্টার্লিংও স্বচ্ছন্দে ব্যাটিং করলেন। তাতে ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরালো আইরিশরা।
আগে ব্যাটিংয়ে নেমে ৭৭ রানের মধ্যে জিম্বাবুয়ের টপ অর্ডারের তিন ব্যাটার প্যাভিলিয়নে ফেরেন। ওয়েসলি মাধেভেরে ও সিকান্দার রাজার জোড়া হাফ সেঞ্চুরিতে দল ঘুরে দাঁড়ায়। ৯৯ বলে ৭৪ রানের জুটি গড়েন তারা।
মাধেভেরে ৬১ রান করে ক্যাম্ফারের প্রথম শিকার হন ৩৩তম ওভারে। আইরিশ ফাস্ট বোলার তার পরের ওভারে জোড়া আঘাত করেন। সাত বলে ৬ রানের ব্যবধানে তিন উইকেট পান ক্যাম্ফার।
রাজা ও ওয়েলিংটন মাসাকাদজা ওই ধাক্কা সামলে নিতে চেষ্টা করেছেন। ৫০ বলে তাদের ৫০ রানের জুটি ভাঙতে আবার বিপদে পড়ে স্বাগতিকরা। ৫৮ রান করে অ্যাডায়ারের শিকার হন রাজা। আইরিশ পেসার পরে আরও দুটি উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ২৪৫ রানে অলআউট করেন।
অ্যাডায়ার সর্বোচ্চ চার উইকেট নেন। তিনটি উইকেট পান ক্যাম্ফার।
লক্ষ্যে নেমে ২৭ রানে ওপেনিং জুটি ভাঙে। ১৪৪ রানের জুটি গড়ে স্টার্লিং ও ক্যাম্ফার ওই ধাক্কা বুঝতেই দেননি। ক্যাম্ফার ৬৩ রান করে থামেন। দলকে দুইশ রানে পৌঁছে দিয়ে বিদায় নেন স্টার্লিং। ১০২ বলে ৮ চার ও ২ ছয়ে ৮৯ রান করেন আইরিশ অধিনায়ক।
এরপর লরকান টাকার ও জর্জ ডকরেল ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জেতান। ৩৬ রানে টাকার ও ডকরেল ২০ রানে অপরাজিত ছিলেন। ৪৮.৪ ওভারে ৪ উইকেটে তারা করে ২৪৯ রান।
জিম্বাবুয়ের হয়ে ২টি উইকেট নেন ট্রেভর গোয়ান্ডু।
আগামী মঙ্গলবার হারারেতে হবে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে।