টানা পঞ্চম ফিফটি মেরে ক্লাসেন বললেন, ‘বিশ্বের সেরা হতে চাই’

ইংল্যান্ডের বিপক্ষে শনিবার সাত উইকেটে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আইনরিখ ক্লাসেন। ৫৬ বলে ৬৪ রান করেছেন তিনি ১১টি চারে। এনিয়ে টানা পাঁচ ওয়ানডেতে হাফ সেঞ্চুরি করলেন তিনি। ম্যাচ শেষে বললেন, নিজেকে বিশ্বের সেরা হিসেবে প্রমাণ করতে চান।

কনুইয়ের সমস্যায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি ক্লাসেন। অস্ট্রেলিয়ার সঙ্গে তো ম্যাচই পরিত্যক্ত হয়েছিল বৃষ্টিতে। ইংল্যান্ডের বিপক্ষে নেমে দারুণ ফর্মের ধারাবাহিকতা ধরে রেখে পেলেন আরেকটি ফিফটি। চার নম্বরে নেমে সাবলীল ব্যাটিং করেন, ৩০ ওভারের মধ্যে ১৮০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে প্রোটিয়ারা।

ম্যাচ শেষে হেড কোচ রব ওয়াল্টারের সঙ্গে দাঁড়িয়ে স্কাই স্পোর্টসকে বললেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে প্রমাণ করার উচ্চাকাঙ্ক্ষা তার।

ক্লাসেন বললেন, ‘এই সফরে আমি নিজেকে একটি চ্যালেঞ্জ ছুড়েছি। আমি বিশ্বের সেরা হতে চাই। আমি জানি পরিস্থিতি ভালো বুঝতে পারি এবং যতক্ষণ সম্ভব মাঠে থেকে বল পেটানোর চেষ্টা করি, যেভাবে আজ রাতে করলাম (এটা গুরুত্বপূর্ণ)। আমার আজকের ইনিংস নিয়ে আমি খুবই খুশি। এক জায়গায় দাঁড়িয়ে (রান করলাম) এবং আমার টেকনিকের ওপর ভরসা ছিল। আমি জানি আমার সুইং ভালো, যতক্ষণ সেটা করতে পেরেছি, ভালো লেগেছে।’