‘স্থূলকায়’ রোহিতের পাশেই দাঁড়াচ্ছে বিসিসিআই

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার নেতৃত্বে আরও একটি শিরোপা জয়ের খোঁজে ভারতীয় দল। কিন্তু টুর্নামেন্ট চলমান অবস্থাতে ভারতের অধিনায়কের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এক মুখপাত্র। 

৩৮ বছর বয়সী রোহিতের স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন শামা মোহামেদ নামের ওই কংগ্রেস রাজনীতিক। সমালোচিত হচ্ছেন দেখে রবিবার প্ল্যাটফর্ম এক্সে রোহিতকে নিয়ে করা সেই পোস্টটি পরে মুছেও ফেলেছেন। সেখানে তিনি রোহিতকে সরাসরি স্থূলকায় উল্লেখ করে লিখেছিলেন, ‘ওজন কমানো দরকার। এবং অবশ্যই সে ভারতের ইতিহাসের সবচেয়ে আকর্ষণহীন অধিনায়ক।’

বিতর্কের জন্ম নেওয়ায় ভারতের কংগ্রেসকেও পোস্ট করতে হয়েছে। তারা বলেছে, শামার মন্তব্য মোটেও রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসের প্রতিক্রিয়া নয়। 

বিতর্কিত ওই পোস্টের পর রোহিত শর্মার পাশেই দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়ার মতে এমন মন্তব্য চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৈশ্বিক টুর্নামেন্ট চলমান থাকায় দলে নেতিবাচক প্রভাব ফেলবে, ‘এটা ভীষণ দুর্ভাগ্যজনক যে, ভারত যখন একটা বৈশ্বিক টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ মঞ্চে, তখনই এই অবমাননাকর ও মনোবল ভাঙার মতো মন্তব্যগুলো করা হয়েছে।’

রোহিতের পাশে দাঁড়িয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপিও। ভারতের ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া নিজের প্ল্যাট ফর্ম এক্সে বলেছেন, ‘এমন মন্তব্য বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করা আমাদের ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রম ও ত্যাগকে অবমূল্যায়ন করে।’

নিজের মুছে দেওয়া পোস্ট প্রসঙ্গে বার্তা সংস্থা এএনআইকে শামা মোহামেদ বলেছেন, তার পোস্টটি একজন ক্রীড়াবিদের ফিটনেস নিয়ে সাধারণ পর্যায়ের মন্তব্য ছিল। কোনও ধরনের বডি শেমিং কিংবা শরীর নিয়ে বিদ্রুপ ছিল না, ‘আমার মনে হয়েছে, সে স্থূলকায়। সেজন্যই টুইট করেছিলাম। কিন্তু কোনও কারণ ছাড়াই আমাকে আক্রমণ করা হচ্ছে।’