সোমবার বেঙ্গালুরু চেন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিয়েছে টাইগাররা। এদিন ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১৫৬ রান। মূলত রিয়াদের ব্যাটের ওপর ভর করেই এই পুঁজি সংগ্রহ করে টাইগাররা।
তবে শুরুটা ভালো হয়নি লাল-সবুজদের। শুরুতেই সৌম্য ফিরে গেলে বড় স্কোর হওয়ার স্বপ্নটা ফিঁকে হয়ে যায় টাইগারদের। কিন্তু ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ৪৯ রান বাংলাদেশেকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি রিয়াদের ক্যারিয়ার সেরা ইনিংসও। ২৯ বলে ৭ চার ও ১ ছক্কায় তিনি তার দ্রুতগতির এই ইনিংসটি সাজিয়েছেন।
ষষ্ঠ উইকেটে মুশফিককে সঙ্গে নিয়ে ৫১ রানের অবিচ্ছন্ন জুটি গড়েন রিয়াদ। মুশফিক ১৫ রানে অপরাজিত থাকেন। এই দুজন ছাড়াও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৩৩ রানের কার্যকরী এক ইনিংস খেলেন। তিনটি চার ছাড়াও একটি ছয়ের মার আসে তার ব্যাট থেকে।
/আরআই/এমআর/