দ্রুত উইকেট তুলে না নিলেও শেষ পর্যন্ত বাংলাদেশের বোলাররা ৭ উইকেট তুলে নিতে সক্ষম হয়। আর কিছু রান স্কোর বোর্ডে থাকলেও ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো। ওই আক্ষেপটাই মাশরাফি করছেন। সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমরা যদি শুরুতে ২-১টি উইকেট নিতে পারতাম, তাহলে ম্যাচটি অন্যরকম হতে পারত। ব্যাটিংয়ে আমরা শুরুতে ও মাঝে নিয়মিত উইকেট হারিয়েছি। এজন্য ১৭০ পর্যন্ত যেতে পারিনি। ছোট ছোট কিছু ভুল করেছি আমরা।’
তিনি আরও যোগ করেন, ‘ছোট ছোট ভুলের কারণে অনেক কিছু করা সম্ভব হয়নি। যদি ওগুলো ওভারকাম করতে পারতাম তাহলে ম্যাচটা অন্যদিকেও যেতে পারত।' বিশেষ কোন ভুলগুলোর কথা বলছেন জানতে চাইলে মাশরাফি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু ভুল হয়েছে। দুই-তিনটা জায়গায় ব্যাটসম্যান-বোলাররা ভালো করেনি। সেগুলো যদি না হতো ম্যাচটা আমাদের দিকে আসলেও আসতে পারত।’
ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছুই পাচ্ছেন মাশরাফি। তিনি বলেন, 'ইতিবাচক যে জিনিসগুলো হয়েছে, রিয়াদ ফর্মে আছে। ধারাবাহিকভাবে ভালো করেছে। সাকিব বোলিং ভালো করেছে। ব্যাটিংয়েও ওই সময়টায় ভালো করেছে। মুশফিক অনেক দিন পর হাত খুলে ব্যাটিং করল। সিনিয়র ক্রিকেটাররা ভালো করেছে, এটা অমাদের সামনের ম্যাচে কাজে লাগবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে নিজেদের সর্বোচ্চ চেষ্টাই করেছে বাংলাদেশ। এমনকি দলের দুই ক্রিকেটারদের নিষেধাজ্ঞার বিষয়টিও খেলার সময় মাথায় রাখেনি কেউ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন দাবি মাশরাফির। তিনি বলেন, ‘এই ম্যাচে আমাদের গুরুত্বপূর্ণ দুইজন খেলোয়াড় ছিলো মিসিং ছিলো। সেই সঙ্গে তামিমও ছিল না। তারপরও আমরা যথাযথ চেষ্টা করেছি যতটুকু ওগুলো বাইরে রাখার।’ মুস্তাফিজের বোলিং নিয়ে মাশরাফি বলেন, ‘মুস্তাফিজ ইনজুরির আগ পর্যন্ত আমাদের সেরা বোলার ছিল। আগেও সে ভালো করেছে। আজকেও করেছে।’
/আরআই/এমআর/