বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল’কে এবার জাতীয় দলের কোচ করেছে নেপাল। তাকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন।
৫৬ বছর বয়সী মন্টি দেশাইয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। মন্টির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন তার মেয়াদ বাড়াতে রাজি হয়নি।
অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৬ বিশ্বকাপের রানার আপ ল’ সর্বশেষ যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অধীনে প্রথম বিশ্বকাপে খেলতে নেমে ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্র। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে খেলার কীর্তি দেখায় তারা। কিন্তু দলটির হয়ে দায়িত্ব পালনের ৬ মাসের মাথায় যুক্তরাষ্ট্র জানায় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
এর আগে ল’ ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার হয়েও কাজ করেছেন। আর বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ২০১১-১২ সালে। সর্বশেষ ২০২২ সালে অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বও পালন করেন তিনি।
আগামী ২ জুন ওয়ার্ল্ড কাপ লিগ-২ এ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নেপাল।