তবে মঙ্গলবার নিউজিল্যান্ডের সঙ্গে হেরে বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত হওয়ার পর ফের অবসরের ইঙ্গিত দিলেন এই অলরাউন্ডার। কিউইদের সঙ্গে ২২ রানে হারের পর তিনি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপে অসিদের সঙ্গে ম্যাচটি তার শেষ ম্যাচ হতে পারে। তিনি বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে পরবর্তী ম্যাচটি আমার শেষ ম্যাচ হতে পারে।
অবশ্য অবসর নেওয়া ছাড়া উপায়ও নেই আফ্রিদির। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান ইতিমধ্যে জানিয়েছেন, বিশ্বকাপের পর আফ্রিদির কাছ থেকে নেতৃত্ব নিয়ে নেওয়া হবে। আর তিনি যদি অবসর না নেন তাহলে দলে একজন সাধারণ খেলোয়াড় হিসেবে রাখা হবে কি-না তা নির্ভর করছে আফ্রিদির নৈপুণ্যের ওপর।
কলকাতা থেকে লাহোরে ফিরে সাংবাদিকদের শাহরিয়ার খান বলেন, ‘অাফ্রিদি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবে। সে বলেছিল এই ইভেন্ট শেষেই অবসর নেবে। যদি সে নিজের অবস্থান থেকে সরে এসে খেলা চালিয়ে যেতে চায় তবে তাকে খেলোয়াড় হিসেবে দলে রাখা হবে কী হবে না তাও বিবেচনা করা হবে।’ সে কারণেই হয়তো সময় থাকতে থাকতেই বিদায় নিচ্ছেন 'বুম বুম' খ্যাত এই ক্রিকেটার।
শুধু তাই নয় পাক কোচ ওয়াকার ইউনুসও বিদায় নিচ্ছেন বিশ্বকাপের পর। পিসিবি চেয়ারম্যান বলেন, ‘জুনে ওয়াকারের চুক্তির মেয়াদ শেষ হবে। আমরা সেদিকেই তাকিয়ে আছি। এ বিষয়ে আমি ওয়াসিম আকরামসহ আরও কয়েকজন সাবেক সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেছি। তারা বলেছেন, আমরা বিদেশি কিংবা স্থানীয় যে কোচই নিয়োগ দিই না কেন তার (কোচ) মধ্যে টিমের সেরাটা বের করে আনার দক্ষতা থাকতে হবে।’
/এমআর/