আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। কিন্তু আপাতত তা হচ্ছে না বলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিসিবিকে জানিয়ে দিয়েছে। এই সময়ে নতুন করে জাতীয় দলের জন্য প্রতিপক্ষ খুঁজছে বিসিবি। কেননা সামনেই এশিয়া কাপ, তার আগে ক্রিকেটারদের প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না তারা।
সফরটি স্থাগিত হওয়ার পর বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, এই সময় আর কোনও নতুন সিরিজ আয়োজনের চিন্তা নেই তাদের। তবে এবার সেই অবস্থান থেকে সরে এসেছে বোর্ড। আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, আগস্টের ওই খালি সময় কাজে লাগাতে সম্ভাব্য প্রতিপক্ষ খুঁজছে বিসিবি। এমনকি দেশে না পারলে বিদেশে গিয়ে ম্যাচ খেলার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
ফাহিম আরও বলেছেন, ‘আমরা ভেবেছিলাম, ওই সময়টায় ইন্টারনালি কিছু ম্যাচ আয়োজন করতে পারি কি না। এর আগেও জাতীয় দল ‘এ’ দলের বিপক্ষে খেলেছিল। আগের পরিকল্পনা ছিল সে রকমই। তবে এখন ভাবছি, তার বাইরেও কিছু করা যায় কি না- যেমন দেশের বাইরে গিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু ম্যাচ খেলা বা অন্য কোনও দলের সঙ্গে সিরিজ আয়োজন। যদি কিছুই না হয়, তাহলে অন্তত ঘরোভাবেই ম্যাচ খেলার চিন্তা করছি।’
আগামী সেপ্টেম্বরেই বসবে এশিয়া কাপ। এরপর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুটি টুর্নামেন্ট সামনে রেখে আগস্টের সময়টা প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই এই সময়ে বিরতি চান না ক্রিকেট পরিচালনা বিভাগের এই চেয়ারম্যান, ‘আমরা চাই সেপ্টেম্বরে এশিয়া কাপের আগেই একটা পূর্ণাঙ্গ দল দাঁড় করাতে। এরপর বিশ্বকাপ পর্যন্ত সেই দলটিকে ধরে রাখতে চাই। অপ্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা যেন না হয়। কারণ দলটা স্থিতিশীল হওয়াটা খুব গুরুত্বপূর্ণ।’