বরিশালের কোচ হচ্ছেন আশরাফুল 

খেলোয়াড়ি জীবন শেষে এখন কোচিংয়ে মনোনিবেশ করেছেন সাবেক জাতীয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এনসিএল তথা জাতীয় ক্রিকেট লিগে তাকে বরিশাল বিভাগের কোচ করার পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আশরাফুল এরই মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগে কোচিং করিয়েছেন। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সেও কোচের দায়িত্ব সামলেছেন তিনি। মূলত আইসিসির লেভেল-৩ কোচিং কোর্স করা সাবেক এই ক্রিকেটার আগ্রহ দেখিয়েছেন বলেই তাকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বিসিবি। শনিবার মিরপুরে বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বরিশাল দলকে নিয়ে আমরা খুব সিরিয়াসলি চিন্তা করছি। সে (আশরাফুল) আগ্রহ দেখিয়েছে। সেই বলেছে কোচ হতে চায়। যেহেতু দুই বছর বরিশালে খেলেছে, আমরা তাকে সেখানে কোচ হিসেবে রাখার পরিকল্পনা করেছি।’

২০২৪ ও ২০২৫ মৌসুমের গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে ছিলেন আশরাফুল। প্রথমবার রংপুর শিরোপা জিতলেও পরেরবার অবশ্য রানার্সআপ হয়েছে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি। সেখানে অংশ নেবে আটটি বিভাগীয় দল।