একসময় পাকিস্তানের ক্রিকেটে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন বাবর আজম, এখন তা নিভু নিভু। অথচ একটা সময় ভারতের বর্তমান প্রজন্মের সেরা ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে তুলনীয় ছিলেন তিনি। পাকিস্তানের ব্যাটার আহমেদ শেহজাদ মনে করেন, এই তুলনাই কাল হয়েছে সাবেক পাক অধিনায়কের জন্য!
তিন ফরম্যাটেই সমানতালে ধুঁকছেন বাবর। সম্প্রতি টি-টোয়েন্টি দলে জায়গা হারিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে নিজেকে প্রমাণের সুযোগ পেয়েও ব্যর্থ। শেষ দুই ম্যাচে করেছেন ০ ও ৯ রান।
দুই বছর হতে চললো সেঞ্চুরি নেই বাবরের ব্যাটে। অথচ কয়েক বছর আগেও তাকে প্রশংসায় ভাসাতেন ভক্ত ও ক্রিকেটবোদ্ধারা। সাবেক অধিনায়ক এখন তীব্র সমালোচনায় বিদ্ধ হচ্ছেন। শেহজাদের মতে, কোহলির সঙ্গে তুলনা বাবরের ওপর অযাচিত চাপ তৈরি করেছিল।
জিও সুপারকে শেহজাদ বললেন, “যখন সবকিছু ঠিকঠাক যাচ্ছিল, আপনারা খেলোয়াড়দের তুলনা করে প্রচার চালাচ্ছিলেন। এখন আর পারফরম্যান্স দেখাতে পারছে না, আপনারাই বলছেন, ‘দুই খেলোয়াড়ের মধ্যে তুলনা করবেন না’। কেন নয়?”
তিনি আরও বলে গেলেন, ‘বিশ্বের অন্য কারও সঙ্গে বিরাট কোহলির তুলনা করা যায় না। সে এই প্রজন্মের লিজেন্ড, একজন রোল মডেল। এমনকি এমএস ধোনির সঙ্গেও তাকে তুলনা করতে পারেন না। ধোনি হয়তো সেরা অধিনায়ক ছিল, কিন্তু একজন ব্যাটার, ক্রিকেটার ও অ্যাথলেট হিসেবে কোহলি একাই থাকবে। কারও সঙ্গে কারও তুলনা করা উচিত নয়। কারণ এটা অন্যায়। এটা বাড়তি চাপ তৈরি করে, যেটা আমরা এখন বাবর আজমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি।’