আন্তর্জাতিক টি-টোয়েন্টিসহ অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতায় ভালো করার লক্ষ্যে পাওয়ার হিটিং দক্ষতা বাড়াতে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাওয়ার হিটিংয়ে বাংলাদেশ দল বেশ পিছিয়ে। সে কারণে এই জায়গায় উন্নতি করতে সম্প্রতি বিশেষ কোচ জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে বিসিবি। জাতীয় দলের ফিটনেস ক্যাম্প চলছে। এই সময়টাতে স্থানীয় কোচদের সঙ্গে ওয়ার্কশপ করেছেন উড। পাশাপাশি তিনি কাজ করছেন নারী ক্রিকেটারদের সঙ্গেও।
গত কিছুদিন ধরেই নারী ক্রিকেটারদের সঙ্গে কাজ করছিলেন উড। আজ শেষ দিনের মতো কাজ করেছেন বিশ্ব জুড়ে পাওয়ার হিটিংয়ের জন্য বিশেষ পরিচিত কোচ। ফিটনেস ক্যাম্প শেষে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে লিটন দাস-নাজমুল হোসেন শান্তদের স্কিল ক্যাম্প। উড তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন।
বিকেসপিতে নিগার সুলতানা জ্যোতি-শারমিন সুপ্তাদের সঙ্গে শনি-রবি ও সোমবার প্রায় লম্বা সময় পাওয়ার হিটিং নিয়ে ক্লাস করেন উড। মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার ও আজ নারী দলের ক্রিকেটারদের নিয়ে তিনি কাজ করেছেন। বিসিবি সূত্রে জানা গেছে বিষয়টি।
লিটন-শান্ত ও নিগারদের স্ট্রাইক রেট বাড়ানো, বড় শট খেলার দক্ষতা বৃদ্ধির মিশন নিয়ে এক মাসের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন উড। সেই লক্ষ্যেই বাংলাদেশে চলে আসেন ৫৬ বছর বয়সী ইংলিশ এই কোচ।
খেলোয়াড়ি জীবনে উড একজন ইংলিশ ক্রিকেটার। ফার্স্ট ক্লাস ও লিস্ট এ ক্রিকেটে খেললেও কখনও ইংল্যান্ডের জাতীয় দলে খেলেননি তিনি। ক্রিকেটীয় জীবনে উড খেলতেন বাঁহাতি ব্যাটার হিসেবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রামের হেড কোচের দায়িত্বও পালন করেছেন ৫৬ বছর বয়সী এই ইংরেজ। এছাড়া আইপিএলের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের ব্যাটিং কনসালট্যান্ট হিসেবেও কাজের অভিজ্ঞতা আছে উডের।