গত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন বাবর আজম। আর এবার তিনি দলেই জায়গা পেলেন না! অফফর্মে থাকার কারণে তাকে ছাড়াই সবশেষ চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান। তবে ধারণা করা হচ্ছিল, এশিয়া কাপের স্কোয়াডে এই ব্যাটার ঠিক জায়গা করে নেবেন। তবে তাকে না নেওয়ার কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতেই হলো কোচ মাইক হেসনকে।
এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সেই স্কোয়াডেও বাবরকে সুযোগ দেওয়া হয়নি। আরেক অভিজ্ঞ খেলোয়াড় মোহাম্মদ রিজওয়ানকে রাখা হয়েছে বাইরে।
বাবরের টি-টোয়েন্টি দলে ঢোকার দরজা বন্ধ করে দেননি হেসন। বরং তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বিশেষ করে স্ট্রাইক রেট বাড়াতে বললেন এই কোচ। অভিষেকের পর থেকে ৩৯.৮৩ গড়ে বাবর এই ফরম্যাটে ৪২২৩ রান করেছেন। তার স্ট্রাইক রেট ১২৯.২২, বিশেষ করে স্পিনে আরও খারাপ। মাঝের ওভারগুলোতে তার ধীর ইনিংসে দল ছন্দ হারায়, এমন অভিযোগ রয়েছে।
হেসন বললেন, এই জায়গায় উন্নতি করতে বাবর কঠোর পরিশ্রম করছেন। এই বছরের শেষ দিকে সিডনি সিক্সার্সের হয়ে বিগ ব্যাশ লিগে তাকে সুযোগ নিতে বললেন পাকিস্তান কোচ।
স্কোয়াড ঘোষণার সময় হেসন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বাবরকে কিছু জায়গায় উন্নতি করতে বলা হয়েছে, বিশেষ করে স্পিনের বিপক্ষে এবং স্ট্রাইক রেটে। এই মুহূর্তে সে এই সমস্যাগুলো নিয়ে অনেক কাজ করছে।’
তিনি বলে গেলেন, ‘বাবরের মতো খেলোয়াড়ের বিবিএলে খেলার সুযোগ আছে। টি-টোয়েন্টি ক্রিকেটের এই জায়গাগুলোতে উন্নতি করে দেখাতে পারে সে। সে এত ভালো খেলোয়াড় যে তাকে বিবেচনায় না নেওয়া কঠিন।’