বাংলাদেশ সিরিজ দিয়ে ২২ বছর পর টেস্ট ফিরছে অস্ট্রেলিয়ার ডারউইনে

দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট ফিরতে যাচ্ছে ডারউইনে! ২০২৬ সালে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ম্যাচ দিয়ে ২২ বছর পর লাল বলের ক্রিকেট আয়োজনের দৌড়ে এগিয়ে এই ভেন্যু।

আগামী বছর জুলাই ও আগস্টের মধ্যে দুই টেস্টের সিরিজের জন্য ভেন্যু হিসেবে ডারউইন, ম্যাককে, কেয়ার্নস ও টাউন্সভিলের কথা মাথায় রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ডারউইন নির্বাচিত হলে সেখানে ২০০৪ সালের পর প্রথমবার টেস্ট হবে।

আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রামে অন্তর্ভুক্ত এই সিরিজ হওয়ার কথা ছিল ২০২৭ সালের মার্চে। কিন্তু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের দেড়শত বার্ষিকী উদযাপনে সেই সময় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একটি বিশেষ ম্যাচ হবে একই সময়ে। তাই সিরিজটি সরাতে হলো। আগামী বছরের জুলাইয়ে আফগানিস্তানের অস্ট্রেলিয়া সফরের কথা ছিল। সেটি ক্রিকেট অস্ট্রেলিয়া বাতিল করায় এই সময়ে হচ্ছে বাংলাদেশ সিরিজ।

ডারউইনে শেষবার টেস্ট হয়েছিল ২০০৩ ও ২০০৪ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে। তারপর গত দুই দশকে এই ভেন্যু লাল বলের ক্রিকেট আয়োজন করতে পারেনি।

অস্ট্রেলিয়ার শীতকালীন কন্ডিশনের কারণে বছরের ওই সময়ে বড় স্টেডিয়ামগুলো পাওয়া যায় না। তাতে করে আঞ্চলিক শহর আয়োজক স্বত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে থাকছে। ২০০০ এর দশকের শুরুতে ডারউইনে দুটি টেস্ট হয়েছিল। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেখানে দুটি টি-টোয়েন্টি খেলেছে অস্ট্রেলিয়া। এই ভেন্যুর সুযোগ সুবিধা খেলোয়াড়দের প্রশংসা কুড়িয়েছে।

২০২৩ সালে সংস্কারকাজের পর ম্যাককেও এই ম্যাচ আয়োজনের দৌড়ে ভালোভাবে থাকছে। কেয়ার্নস ও টাউন্সভিলেকে বিবেচনায় রাখা হলেও আবহাওয়ার কারণে পিছিয়ে থাকছে।