আগেই শোনা গিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের মান উন্নয়নে আইএমজির সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে বিপিএল আয়োজনের জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে আগ্রহী ৫ প্রতিষ্ঠানের মধ্যে তাদেরকেই বেছে নেওয়া হয়েছে। তিন বছরের জন্য আইএমজির সঙ্গে চুক্তি করেছে বিসিবি। সোমবার সিলেটে বোর্ডের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে সংবাদ সম্মেলনে এসে বিসিবি সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘বিপিএলের স্পোর্টস মার্কেটিং কনসালটেন্ট ফার্ম হিসেবে আইএমজিকে ঠিক করা হয়েছে। আইএমজি অন্যতম সেরা মার্কেটিং ফার্ম। আমরা জানি বিপিএলের কী অবস্থা এখন। বিপিএলের মান পুনরুত্থানের যে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার মধ্যে এটি অন্যতম। আমরা আশা করছি, বিপিএল আয়োজনে আইএমজি খুব ভালো ভূমিকা রাখতে পারবে।’